দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড রিবানা তাদের ১১ বছর পূর্তি উদযাপন করছে। এই উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় প্রতি অর্ডারে নিশ্চিত উপহার প্রদান এবং সারা দেশে বিনামূল্যে ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে। গ্রাহকরা রিবানার অফিশিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

২০১৫ সালের ১৫ জুলাই তাদের ফেসবুক পেজ চালুর মাধ্যমে যাত্রা শুরু করে রিবানা। প্রথম পণ্য হিসেবে ‘রিবানা অ্যাকটিভেটেড কার্বন সোপ’ বাজারে আনার পর, তারা বাংলাদেশে প্রথমবারের মতো ‘রিবানা স্যাফরন গোটস মিল্ক সোপ’ চালু করে। পরবর্তীকালে নারকেল, জলপাই ও ক্যাস্টর তেলের মতো হেয়ার অয়েল, ফেস প্যাক, হেয়ার প্যাক, জেল অ্যান্ড রোজ ওয়াটারসহ নানা পণ্য তাদের প্রোডাক্ট লাইনে যুক্ত হয়। বর্তমানে ব্র্যান্ডটির মোট ২২টি পণ্য রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য পেয়েছে রিবানা। ২০১৮ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অধীনে নয়াদিল্লির আমেরিকান সেন্টারে একটি নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী ‘সাউথ এশিয়ান কানেক্ট (নেক্সাস স্টার্টআপ হাব) উদ্যোক্তা সপ্তাহ পুরস্কার’ অর্জন করেন। ২০১৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে ইউএনডিপি ইয়ুথ কো:ল্যাবের অংশ হয় রিবানা, যা তরুণ উদ্যোক্তাদের ইতিবাচক পরিবর্তন ও সামাজিক প্রভাব সৃষ্টির সক্ষমতার উদাহরণ হিসেবে স্বীকৃত।

২০২১ সালে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে রিবানা। একই বছর আমাজন ইউএসএতে অফিশিয়াল স্টোর চালুর মাধ্যমে আন্তর্জাতিক ই-কমার্স বাজারে প্রবেশ করে তারা। ২০২২ সালের ২৩ জুন প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন হয়, যা ছিল প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি রিবানার পণ্য ও সেবার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। ২০২৩ সালের ৯ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ইকমা বেস্ট এফ-কমার্স সেলার অ্যাওয়ার্ড’ অর্জন করে রিবানা, যা ফেসবুকভিত্তিক বাণিজ্যে তাদের উদ্ভাবন ও ডিজিটাল বাজার উপস্থিতির স্বীকৃতি।

গুণগত মান নিশ্চিত করতে রিবানার সব পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত এবং হালাল সনদপ্রাপ্ত। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নেও সক্রিয়ভাবে কাজ করছে। ২০২৪ সাল থেকে রিবানা নিয়মিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে এবং ২০২৬ সাল পর্যন্ত টানা তিনবার নিজেদের পণ্য ও উদ্ভাবন প্রদর্শন করেছে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তারা ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’ লাভ করে। এছাড়া জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা, এসএমই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনী ও উদ্যোক্তা কার্যক্রমে অংশগ্রহণ করছে প্রতিষ্ঠানটি।

দেশের বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে রিবানা। বর্তমানে ইউনিমার্ট, ইয়েলো, মীনা বাজার, হারল্যানসহ দেশের পাঁচ শতাধিক রিটেইল আউটলেট, সুপারশপ ও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে তারা যুক্ত। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকরা সহজেই রিবানার পণ্য কিনতে পারছেন। ২০২৫ সালের ১ ও ২ অক্টোবর অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপোতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি। একই বছর ‘বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ)’ ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ লাভ করেন মো. ওয়াহিদুজ্জামান সাদী। ২০২৫ সালের ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘রিবানা কর্প.’ নামে নিজস্ব রিটেইল স্টোর চালুর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বৈশ্বিক উপস্থিতি আরও শক্তিশালী করেছে। রিবানা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সদস্য এবং দেশের ই-কমার্স খাতের উন্নয়ন ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে।