প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেননি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান। মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, সোমবার ঢাকা থেকে বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির সামনে ইটের টুকরা এসে পড়লে এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ, র্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে এটি কোনো নিক্ষেপ নয়। বরং সড়কে পড়ে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে পেছনের গাড়ির কাচ ও ইঞ্জিনের ওপর এসে পড়ে।

এক যুবককে এ ঘটনায় সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেও জানান পুলিশ সুপার। তবে ভিডিও পর্যালোচনায় দেখা যায়, ওই যুবক ঘটনার পুরো সময় নিজের মুঠোফোন দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন। প্রধানমন্ত্রীর আগমন ও পরবর্তী সময়ের একটানা ভিডিও তিনি করেছেন। কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার স্পষ্টভাবে বলেন, এটি সড়কে থাকা ইটের টুকরার ছিটকে আসা, কেউ ইট নিক্ষেপ করেনি।