বলিউড ও হলিউডের তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের প্রেমের গল্পের শুরুটা নিয়ে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল ভক্তদের। সম্প্রতি সেই কৌতূহল দূর করেছেন নিক নিজেই। জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, ২০১৬ সালে এক্সে (সাবেক টুইটার) প্রিয়াঙ্কাকে সরাসরি বার্তা পাঠানোর মাধ্যমেই তাঁদের সম্পর্কের সূচনা। পডকাস্টে নিক ও প্রিয়াঙ্কা দুজনেই উপস্থিত ছিলেন এবং তাঁরা প্রথম কথোপকথনের একটি স্ক্রিনশটও প্রদর্শন করেন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিক জানান, তাঁর ভাই কেভিন জোনাস তাঁকে প্রিয়াঙ্কার অভিষেক হলিউড শো ‘কোয়ান্টিকো’র সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নিক সানসেট বুলেভার্ডে ওই শোর একটি বড় বিলবোর্ড দেখে মুগ্ধ হন। এরপর বাড়ি ফিরে এক্সে প্রিয়াঙ্কাকে খুঁজতে শুরু করেন। পডকাস্টে নিক প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে বলেন, ‘কেভিন জিজ্ঞেস করল, তুমি কি এবিসির “কোয়ান্টিকো” দেখেছ? আমি জানালাম, না। তখন সে সিরিজটির কথা বলছিল, আর ঠিক সেই সময় আমি সানসেট বুলেভার্ডে তোমার মুখের বিশাল বিলবোর্ড দেখতে পাই। সঙ্গে সঙ্গে ভাবলাম, টুইটারে গিয়ে দেখি তো তুমি আমাকে ফলো করো কি না। দেখলাম, তুমি ফলো করো। তারপরই সরাসরি বার্তা পাঠালাম।’ প্রিয়াঙ্কা পাল্টা বলেন, ‘এটা আসলেই এক বিস্ময়কর কাকতালীয় ব্যাপার। কারণ কেভিন আর আমার পছন্দের শো একই ধরনের, কিন্তু নিক আর আমার পছন্দ কখনোই মেলে না।’
প্রথম বার্তায় নিক লিখেছিলেন, ‘হ্যালো। কয়েকজন জানিয়েছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’ জবাবে প্রিয়াঙ্কা লেখেন, ‘হাই...গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে।’ প্রিয়াঙ্কা আরও জানান, নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে এটি আসলেই তিনি কি না। তাই তিনি প্রিয়াঙ্কার একটি টাইম স্ট্যাম্প ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি চেয়েছিলেন। প্রিয়াঙ্কা বলেন, ‘ওটা ছিল একটি ফ্যাশন শো-পরবর্তী মুহূর্ত। সেদিন আমাকে বেশ মিষ্টি লাগছিল। ওর বুদ্ধিটাও ভালো লেগেছিল।’
এরপর টেক্সটিং শুরু হয়। নিক জানান, প্রায় দেড় বছর পর তাঁরা ডেটিং শুরু করেন এবং পরে বাগদান সম্পন্ন হয়। ২০১৮ সালের জুলাইয়ে গ্রিস সফরে নিক প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন। ডিসেম্বর ২০১৮-তে যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান দুই ধর্মীয় রীতিতেই তাঁদের বিবাহ সম্পন্ন হয়। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। দম্পতি নিয়মিতই পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
পডকাস্টে আরও জানা যায়, নিক প্রিয়াঙ্কার চেয়ে বেশি বলিউড গসিপ সম্পর্কে খোঁজ রাখেন। প্রিয়াঙ্কা হেসে বলেন, ‘এটা পুরোপুরি সত্যি। কারও ব্রেকআপ হয়েছে কি না, আমি না জানলেও ও ঠিকই জানে। যখন আমি কাউকে মেসেজ করতে গিয়ে বলি, “ওদের আমার ভালোবাসা জানিয়ো”, ও তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, “না, ওদের ব্রেকআপ হয়ে গেছে।”’ নিক নিজেও স্বীকার করেন, ইনস্টাগ্রামে এমন কিছু অ্যাকাউন্ট তিনি গোপনে ফলো করেন যেখানে ‘মুখরোচক’ সব গল্প থাকে। সব সময়ই কোনো না কোনো ঘটনার আপডেট অনুসরণ করতে হয় বলে জানান তিনি।
তথ্যসূত্র: ফিল্মফেয়ার, এনডিটিভি


