বহুদিনের প্রচলিত একটি ধারণা ভুল প্রমাণ করে বলিউড অভিনেতা আমির খান সম্প্রতি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’ সিনেমার স্মরণীয় চরিত্র র্যাঞ্চো শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকের জীবন থেকে নেওয়া নয়। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বৃহস্পতিবার ‘লগান’ ছবির বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে দর্শকদের সাথে আলাপচারিতায় তিনি এ তথ্য দেন। অনুষ্ঠানে ছবিটির ২৫ বছর পূর্তির আনন্দের পাশাপাশি অতীতের নানা স্মৃতি ভাগ করে নেন আমির। সেখানেই সোনম ওয়াংচুকের অনির্দিষ্টকালের চলমান অনশন প্রসঙ্গে দীর্ঘ নীরবতা ভাঙেন তিনি এবং পুরোনো একটি জল্পনার অবসান ঘটান।
প্রশ্নোত্তর পর্বে আমির খানকে জিজ্ঞেস করা হয়, ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো চরিত্রটি কি সোনম ওয়াংচুক দ্বার অনুপ্রাণিত কিনা। উত্তরে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, ‘এটি সত্য নয়। এটি একটি ভুল ধারণা। যখন আমরা “থ্রি ইডিয়টস” নির্মাণ করছিলাম, তখন আমি সোনমজির সম্পর্কে অবগত ছিলাম না। আমি সম্প্রতি ওমি বৈদ্যের (যিনি ‘চতুর’ চরিত্রে অভিনয় করেছিলেন) একটি ভিডিও দেখেছি, যেখানে তিনি এমনটা বলেছেন, কিন্তু তিনি ভুল তথ্য দিয়েছেন।’ অভিনেতা আরও ব্যাখ্যা করেন, এ ছবির দুই লেখক রাজকুমার হিরানি ও অভিজাত যোশী কিংবা চলচ্চিত্রটির সাথে যুক্ত অন্য কেউই সে সময়ে সোনম ওয়াংচুকের সাথে পরিচিত ছিলেন না। তবে তিনি এও উল্লেখ করেন যে, একজন মানুষকে সম্মান করার জন্য চলচ্চিত্রের চরিত্র তাঁর জীবন থেকে নেওয়া হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
অভিনেতা সোনম ওয়াংচুকের কাজের প্রশংসা করে বলেন, ‘তিনি যে কাজ করছেন, তা সত্যিই অসাধারণ। আমি কেবল সত্য বিষয়টি স্পষ্ট করতে চেয়েছি।’ অনুষ্ঠানের অপর অংশে ওয়াংচুকের দীর্ঘ অনশনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন আমির। লাদাখের এই খ্যাতনামা উদ্ভাবক, প্রকৌশলী ও শিক্ষাসংস্কারক বর্তমানে দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে অনশন করছেন। শিক্ষাব্যবস্থার সংকট ও বিতর্কের জেরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। আমির এই প্রসঙ্গে বলেন, ‘আমরা সবাই তার স্বাস্থ্য ও জীবন নিয়ে গভীরভাবে চিন্তিত। আমরা সবাই কামনা করি, তিনি যেন অনশন প্রত্যাহার করেন এবং সবকিছু ঠিক হয়ে যায়।’ উল্লেখ্য, নিট, সিবিএসই-সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক ও শিক্ষার্থীদের মানসিক চাপে আত্মহত্যার ঘটনায় ওয়াংচুকের আন্দোলন ব্যাপকতা পায়।


