সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লন্ডন, প্যারিস ও আমস্টারডামের নানা প্রান্তে তোলা ১২টি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিগুলোর মাধ্যমে ভক্তরা ফারিণের ইউরোপ ভ্রমণের কিছু মুহূর্ত দেখতে পেয়েছেন।
ফারিণের স্বামী শেখ রেজওয়ান পেশাসূত্রে লন্ডনে বসবাস করেন। ২০২৩ সালে তাঁকে বিয়ে করেন এই অভিনেত্রী। স্বামীর সঙ্গে দেখা করতে নিয়মিতই লন্ডনে যেতে হয় ফারিণকে। সময়-সুযোগ পেলেই তিনি ইউরোপের বিভিন্ন গন্তব্যে ঘুরে আসেন। সম্প্রতি প্যারিস ও আমস্টারডামও ঘুরে এসেছেন তিনি।
প্যারিসের বিখ্যাত ফ্যাশন মিউজিয়াম প্যালাইস গ্যালিয়ারা থেকেও ছবি পোস্ট করেছেন ফারিণ। এই জাদুঘরে প্রায় ২ লাখ পোশাক ও বিভিন্ন অনুষঙ্গ যেমন গয়না ও ব্যাগ সংরক্ষিত আছে। প্যারিসের আরেকটি পরিচিত ছবি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়েও তোলা হয়েছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত হর্টাস বোটানিকাস আমস্টারডাম নামের বোটানিক্যাল গার্ডেন থেকেও ছবি দিয়েছেন ফারিণ। এটি বিশ্বের অন্যতম প্রাচীন উদ্ভিদ উদ্যান। ১৬৩৮ সালে শুধু ডাক্তার ও ফার্মাসিস্টদের ঔষধি গাছপালা চাষের জন্য এটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এখানে ৬ হাজারের বেশি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও ফুল রয়েছে। এই বাগানের মূল আকর্ষণ হলো একটি প্রজাপতি ঘর এবং ঐতিহাসিক পাম হাউস।
অভিনয় জীবন সম্পর্কে জানা যায়, গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় কাজ করেছেন ফারিণ। এটি ছিল তার প্রথম বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। চলতি বছরের পবিত্র রমজানের ঈদে শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় তাকে দেখা যায়।


