অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত একটি মামলায় আদালত সমন জারি করেছে। গত ১২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাঁর বিরুদ্ধে এই সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশা। গত বৃহস্পতিবার একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শর্ত ছিল, তিনি শাড়িটির প্রচারণা চালাবেন এবং এর মূল্য পরিশোধ করবেন। কিন্তু অভিযোগ, তিনি পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম গত বছরের নভেম্বরে আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, তিনি আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। সে কারণেই এত দিন কিছু বলেননি। তিনি আরও বলেন, ‘আমি এই শিল্পে ১২-১৪ বছর ধরে কাজ করছি। ভালো-মন্দ মিলিয়েই এগিয়ে চলেছি। আমার পেশাগত অবস্থান আমি ধরে রেখেছি।’ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রশ্ন ছুড়ে দেন— তাঁর বিরুদ্ধে কবে লিগ্যাল নোটিশ জারি করা হয়েছিল? এরপর নিজেই উত্তর দেন, ‘আমার সিনেমার শুটিং শুরু করার দ্বিতীয় দিনেই আমি লিগ্যাল নোটিশ পাই। পাঁচ-ছয় দিনের ব্যবধানে আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না— কেউ যখন উপরে উঠতে চায়, কিছু মানুষ থাকে যারা নিজেরা উঠতে না পেরে পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক সেই একই অনুভূতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে এই শিল্পে কাজ করছি, একটি অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি আত্মসাৎ করার জন্য? ২৭ হাজার টাকার জন্য কি আমি এত কষ্ট করে নিজেকে এই জায়গায় দাঁড় করিয়েছি? এই শিল্পে একজন নারী বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে সহজ মনে হয়? আসলে তা নয়।’

শেষে তিশা জানান, তিনি পুরো বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করবেন। এ বিষয়ে আরও অনেক কথা থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপাতত নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী অক্টোবরে মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা ‘সোলজার’। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।