ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন রূপে দর্শকদের সামনে এসেছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া মূল অ্যানিমেশনটি বিশ্বব্যাপী ৭০০ মিলিয়ন ডলার আয় করেছিল। এর সিকুয়েল ‘মোয়ানা ২’ ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় এবং ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে রেকর্ড গড়ে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ওয়াল্ট ডিজনি পিকচার্সের প্রযোজনায় ও টমাস কাইলের পরিচালনায় আসছে লাইভ-অ্যাকশন সংস্করণ। সিনেমাটি ১০ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় এবং একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শন শুরু হয়। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
লাইভ-অ্যাকশন সংস্করণে বিশেষভাবে নজর কেড়েছে মাউই চরিত্রটি। এই ভূমিকায় অভিনয় করেছেন ডোয়াইন জনসন, যিনি ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে চরিত্রটিতে কণ্ঠ দিয়েছিলেন। দ্য রক এক সাক্ষাৎকারে জানান, পর্দায় সরাসরি মাউই চরিত্রে অভিনয় করা তার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্ন অভিজ্ঞতা। তিনি বলেন, “পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধকে যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, তখন অনুভূতি একেবারে আলাদা।” জনসন আরও জানান, গত এক দশকে বাবা হিসেবে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও উত্থান-পতন চরিত্রটিকে আরও গভীরতা দিয়েছে। তার ভাষ্যমতে, মাউই চরিত্রে তিনি তার দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। এছাড়া হাওয়াইতে কাটানো শৈশবের স্মৃতিও এই চরিত্রের সঙ্গে তার আবেগকে জুড়ে দিয়েছে।
প্রধান নারী চরিত্র মোয়ানার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত ক্যাথরিন লাগাইয়া। বিশ্বজুড়ে ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কঠোর কাস্টিং প্রক্রিয়ায় তাকে বেছে নেওয়া হয়। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই তিনি মুগ্ধ হয়েছিলেন যখন ক্যাথরিন ‘হাউ ফার আই’ল গো’ গানটি পরিবেশন করে চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা ফুটিয়ে তোলেন। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলেন, মোয়ানা তার শৈশবের আদর্শ ছিলেন। তার মতে, মোয়ানার সাহস, কৌতূহল ও উচ্চাকাঙ্ক্ষা তাকে নিজের জীবনেও প্রভাবিত করেছে। এ কারণেই তিনি স্বাভাবিকভাবেই চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পেরেছেন।
সিনেমার গল্পে দেখা যায়, সাহসী কিশোরী মোয়ানা নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধদেবতা মাউই। নানা বাধা পেরিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। মূল অ্যানিমেশনের আবেগ, পরিবার, দায়িত্ববোধ ও নিজের পরিচয় খুঁজে পাওয়ার বিষয়গুলো লাইভ-অ্যাকশন সংস্করণেও অক্ষুণ্ন রাখা হয়েছে। ইতোমধ্যে ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে, যা আরেকটি বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।




