জন নায়গন সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এটি একটি রাজনৈতিক ড্রামা যা প্রথমে পোঙ্গল উৎসব উপলক্ষে ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তির পরিকল্পনা করা হয়েছিল। তবে মুক্তির আগে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন বোর্ড (সিবিএফসি) ছবিটির ১২টি দৃশ্য ও সংলাপে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। এসব শর্ত পূরণের পর সিনেমাটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্ক সনদ প্রদান করা হয়েছে। সেন্সর বোর্ডের শর্তানুযায়ী, সিনেমাটির দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ৩ ঘণ্টা ৩ মিনিট ১১ সেকেন্ড। গত বৃহস্পতিবার (৯ জুলাই) সেন্সর সনদ পায় ছবিটি।
সিবিএফসির নির্দেশিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—একটি দৃশ্যে ভারতের জাতীয় পতাকা নিচে পড়ে যাওয়ার অংশ বাদ দেওয়া, সাদ্দাম হোসেনের ফাঁসি নিয়ে একটি সংলাপ অপসারণ বা পরিবর্তন করা, জেলা প্রশাসকের অফিসের ব্যাজ অসম্মানজনকভাবে নামানোর দৃশ্য পুনর্নির্মাণ করা, একটি সম্পূর্ণ সংলাপ নিঃশব্দ করা এবং শিশুকে পুড়িয়ে ফেলার দৃশ্য বাদ দিয়ে সেখানে অন্য দৃশ্য সংযোজন। মোট ২০ সেকেন্ডের দৃশ্য বাদ এবং ১০ সেকেন্ডের অংশ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, তামিল সিনেমার অন্যতম প্রতীক্ষিত এই ছবিটি কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ২০২৪ সালে নিজের রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে জয়ী হন বিজয়। চলতি বছরের শুরুতে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক যাত্রা শুরুর পর এটি তাঁর অভিনয়ের শেষ সিনেমা হতে যাচ্ছে। ফলে ছবিটি নিয়ে দর্শক ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।




