প্রযুক্তি বিশ্লেষক ও ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গুরম্যান সম্প্রতি দাবি করেছেন, ক্যামেরা সম্বলিত নতুন এয়ারপডস মডেলের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে। তাঁর মতে, বর্তমানে কোম্পানিটি এই পণ্যের দুটি সংস্করণ নিয়ে অভ্যন্তরীণ পরীক্ষা চালাচ্ছে, যেগুলোর কোড নাম বি৭৯৮ ও বি৭৯০। এর মধ্যে বি৭৯০ মডেলটি সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। গুরম্যান তাঁর পাওয়ার অন নিউজলেটারে জানান, আইওএস ২৭ অপারেটিং সিস্টেমের বেটা সংস্করণের কোডে ইতিমধ্যে এই মডেলটির নাম উল্লেখ করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, চলতি বছরই ক্যামেরাযুক্ত এয়ারপডসটি বাজারে আসতে পারে।
অ্যাপল যদি তাদের পূর্ববর্তী সময়সূচি অনুসরণ করে, তাহলে আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ উন্মোচন অনুষ্ঠানের সঙ্গেই এই নতুন এয়ারপডসের ঘোষণা দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই পণ্যটি ‘এয়ারপডস প্রো আল্ট্রা’ নামে বাজারে আনা হতে পারে। তবে বি৭৯০ মডেলে কী ধরনের নতুন সুবিধা যুক্ত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি গুরম্যান।
প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, এই এয়ারপডসের ক্যামেরা ছবি বা ভিডিও ধারণের জন্য ব্যবহার করা হবে না। বরং এটি আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে। ফলে ব্যবহারকারীরা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে আরও প্রাসঙ্গিক তথ্য ও সহায়তা পাবেন। অর্থাৎ, এটি মূলত একটি পরিধানযোগ্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী হিসেবে কাজ করবে।
গুরম্যান আরও জানান, ক্যামেরাযুক্ত নতুন সংস্করণ বাজারে এলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য প্রচলিত এয়ারপডস বিক্রি অব্যাহত থাকবে। অর্থাৎ, যারা শুধু গান, পডকাস্ট বা অন্যান্য অডিও শোনার জন্য এয়ারপডস ব্যবহার করতে চান, তারা বর্তমান মডেলগুলিও কিনতে পারবেন।
বহু বছর ধরেই প্রযুক্তি মহলে গুঞ্জন ছিল যে অ্যাপল ক্যামেরাসহ এয়ারপডস তৈরির জন্য কাজ করছে, যদিও কোম্পানিটি কখনোই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মার্ক গুরম্যানের সাম্প্রতিক তথ্য সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। সূত্র: ম্যাশেবল।




