হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মে ব্যবসায়িক যোগাযোগকে আরও সুসংহত করতে একটি নতুন সংযোজন আনতে প্রস্তুত। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি একটি স্বয়ংক্রিয় ফিচার পরীক্ষা করছে, যা বাণিজ্যিক ও প্রচারণামূলক মেসেজগুলোকে ব্যক্তিগত কথোপকথনের তালিকা থেকে সরিয়ে একটি পৃথক ফোল্ডারে জমা করবে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের বরাতে জানা গেছে, 'অফারস অ্যান্ড আপডেটস' নামের এই ফোল্ডারটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় করবে, যাতে প্রয়োজনের সময় ব্যবহারকারীরা সহজে সেগুলো খুঁজে পেতে পারেন।

বর্তমানে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা, হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মের আওতায় থাকা কিছু নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে এই ফিচারটির পরীক্ষণ চালাচ্ছে। মেটার ভাষ্যমতে, গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটেই ব্যক্তিগত ও বাণিজ্যিক বার্তার মিশ্রণ দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষামূলক এই ব্যবস্থার আওতায়, ব্যাংক, এয়ারলাইনস, এবং বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের মতো বড় ব্যবসা থেকে আসা বার্তাগুলো প্রাথমিকভাবে মূল চ্যাট তালিকাতেই প্রদর্শিত হবে। তবে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হলে সেগুলো আর স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হয়ে 'আরস অ্যান্ড আপডেটস' ফোল্ডারে চলে যাবে। বর্তমানে এই স্থানান্তরের সময়সীমা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে মেটা। ধারণা করা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে এই বার্তাগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত মূল চ্যাট তালিকায় রক্ষিত থাকতে পারে। অর্থাৎ, পণ্য সরবরাহের তথ্য, অর্ডারের হালনাগাদ অবস্থা, ছাড়ের অফার অথবা কুপন সংক্রান্ত অন্যান্য সেবামূলক বার্তা শুরুর দিকে পূর্বের ন্যায় মূল ইনবক্সে দৃশ্যমান থাকার পর পরবর্তী সময়ে আলাদা ফোল্ডারে স্থান পাবে।

মেটা আরও স্পষ্ট করেছে যে, এই ফিচারটি ব্যবহার করা মোটেই বাধ্যতামূলক হবে না। কোনো ব্যবহারকারী যদি চান, তবে তিনি সেটি নিষ্ক্রিয় করে পূর্বের মতো সব ধরনের কথোপকথন একই চ্যাট তালিকায় রাখতে পারবেন। তবে একটি বিষয় লক্ষণীয়, ব্যবসায়িক বার্তা মূল ইনবক্সে কতক্ষণ অবস্থান করবে, তা নির্ধারণের ক্ষমতা ব্যবহারকারীর হাতে থাকবে না। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও তাদের ব্যবহারের ধরণ বিশ্লেষণের মাধ্যমেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।