টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতি মোকাবিলায় দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় বিজিবি সদস্যরা উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা প্রদান ও যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছেন।
বিজিবি জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব জেলার ৯০টি পয়েন্টে চব্বিশ ঘণ্টা নজরদারি ও তদারকি চলছে। প্রয়োজন অনুসারে দ্রুততম সময়ে উদ্ধার ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত বান্দরবানের বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং খাদ্য ও অন্যান্য জিনিসপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ৪৮ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। বান্দরবান-রোয়াংছড়ি সড়কে ভেঙে পড়া গাছ ও ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজ করছে বিজিবি, যাতে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি এলাকায় ভূমিক্ষয়ের কারণে একটি ইস্পাতের সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে তা রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে বিজিবি। এ পদক্ষেপের ফলে ওই এলাকার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর দায়িত্বের অংশ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

