জাতীয় বাজেট পর্যালোচনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) আয়োজিত এক মতবিনিময় সভায় এই খাতের উদ্যোক্তারা তাদের দাবি জানান। রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মান্নান আহমেদ।
সভায় বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খাতের আয়কর প্রত্যাহারের পাশাপাশি নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জন্য ঋণ সুবিধা চান তারা।
এপিইউবির চেয়ারম্যান মো. সবুর খান মূল প্রবন্ধ উপস্থাপনকালে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর ৫ শতাংশে নামিয়ে আনার জন্য। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই ৫ শতাংশ করও তুলে নেওয়া হবে। নিজস্ব ক্যাম্পাস তৈরির জন্য জমি ক্রয় ও ভবন নির্মাণে তারা ঋণ না পাওয়ার অসুবিধার কথাও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নানা অর্থনৈতিক বাস্তবতার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর ১০ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা কঠিন ছিল, তবে সরকার তা সম্ভব করেছে। এখন এই সুযোগ কীভাবে কাজে লাগানো হয়, সেটি দেখার বিষয়। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সনদ ও মান নিয়ে প্রশ্ন না ওঠার জন্য সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি সরকারি গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মান্নান আহমেদ তার বক্তব্যে বলেন, এবারের বাজেটে শিক্ষায় বরাদ্দ বেড়েছে। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় আলাদা করে না দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের মান বাড়লে শিক্ষার্থীদের বিদেশযাত্রা কমবে।
সভায় এপিইউবির পক্ষ থেকে একটি নীতিগত অবস্থানপত্র উপস্থাপন করা হয়। এতে দক্ষতাভিত্তিক শিক্ষা, স্নাতকদের কর্মসংস্থানকে বিশ্ববিদ্যালয় মূল্যায়নের সূচক হিসেবে গ্রহণ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, ইন্টার্নশিপ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার শক্তিশালীকরণ এবং যৌথ পিএইচডি কর্মসূচি চালুর প্রস্তাব রাখা হয়।
আলোচনায় বক্তারা আরও বলেন, দেশের ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি হবে দক্ষ মানবসম্পদ, গবেষণা, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জ্ঞান অর্থনীতি। এ লক্ষ্য অর্জনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের উন্নয়ন প্রচেষ্টার অংশীদার হতে প্রস্তুত। আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষা কেন্দ্রে পরিণত করার ওপরও জোর দেওয়া হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন এপিইউবির অনারারি সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন। এ ছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, উপাচার্য ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।

