চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। রোববার তিনি সরাসরি প্লাবিত এলাকাগুলোতে উপস্থিত হন এবং দুর্গত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিনি নিজ কাঁধে ত্রাণ বহন করে বানভাসি বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছেন।

এ সময় আবদুল মোনায়েম মুন্না জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশেই তারা বন্যাকবলিত মানুষের খোঁজ নিতে এসেছেন। তিনি বলেন, বাঁশখালীতে পানি বেড়ে এখন বুকসমান হয়েছে। তাঁর মতে, এটি কোনো প্রদর্শনী নয়; বরং প্রকৃত অর্থেই তারা বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। যেকোনো দুর্যোগে যুবদল সর্বদা জনগণের পাশে থাকে মন্তব্য করে তিনি আরও জানান, বর্তমান বন্যায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা মাঠে রয়েছেন এবং একটি মেডিকেল টিমও এলাকায় কাজ করছে।

দুই উপজেলায় প্রায় এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতৃত্বের মাধ্যমেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, সহসভাপতি মাহাফুজুর রহমান, নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সহসভাপতি ফেরদৌস মুন্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহাজান, সাধারণ সম্পাদক আজগর হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি হাসান জসিমসহ নগর, জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল নেতৃবৃন্দ।