রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল বাবুডাইং গ্রামে অবস্থিত আলোর পাঠশালার ছাত্রীদের জন্য স্বাস্থ্যসুরক্ষায় একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টির মেয়ে শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। গত রোববার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন ও সাংবাদিক আবুল হায়াত। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন এবং নিলমুনি কিসকুও বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের হাতে প্যাকেট তুলে দেন প্রধান শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা।
এ বছরই ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী নন্দিনী সাইচুরি জানায়, আমরা ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। আমাদের মা-দাদিরা আগে কখনো প্যাড ব্যবহার করেননি। স্কুলে এসেই আমরা এ বিষয়ে সচেতন হয়েছি। এখন পিরিয়ড চলাকালীন সময়ে বিদ্যালয়ে থাকলে বিনামূল্যে প্যাড পাওয়া যায়। আজকে এক মাসের জন্য দুটি প্যাকেট প্যাড ফ্রি পেয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এতে আমাদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং আমরা নিরাপদে থাকতে পারব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর স্কয়ার টয়লেট্রিজ এবং প্রথম আলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিনামূল্যে প্যাড পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি। শুধু আজ নয়, আগামী কয়েক মাস ধরে তাদেরকে বিনামূল্যে এই প্যাড সরবরাহ করা হবে। এর ফলে যেমন শিক্ষার্থীরা নিজেরা সচেতন হবে, তেমনি তারা পরিবারের অন্য নারী সদস্যদেরও প্যাড ব্যবহারে উৎসাহিত করবে। ধীরে ধীরে সমাজ থেকে স্বাস্থ্যঝুঁকি কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।




