কঠোর ডায়েট চার্ট মেনে চলার পরও যখন ওজন ঝরছে না, অথবা ডায়েট ছেড়ে দিলেই আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে— এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। এই চক্রের কারণে তৈরি হয় অপরাধবোধ, যা মানসিক চাপ আরও বাড়িয়ে তোলে। এই পরিস্থিতিতে নতুন এক পদ্ধতির কথা জানাচ্ছে আধুনিক পুষ্টিবিজ্ঞান— ‘ইনটিউইটিভ ইটিং’ বা সহজাত খাদ্যাভ্যাস। ডায়েটের কড়াকড়ি বা কোনো খাবারকে নিষিদ্ধ করার বদলে এই পদ্ধতি শরীর ও মনের ভাষা বুঝে খাওয়ার ওপর জোর দেয়।
ইনটিউইটিভ ইটিং-এর মূল নীতি হলো শরীরের প্রাকৃতিক খিদে এবং তৃপ্তির সংকেত চিনে খাবার খাওয়া। কোনো খাবারকে ‘ভালো’ বা ‘খারাপ’ হিসেবে চিহ্নিত করা হয় না এই পদ্ধতিতে। কখন খাওয়া হবে, কী খাওয়া হবে এবং কতটুকু খাওয়া হবে— সবই ঠিক হয় শরীরের অভ্যন্তরীণ ইঙ্গিত অনুযায়ী। এটি দ্রুত ওজন কমানোর কোনো প্রক্রিয়া নয়, বরং খাবার ও নিজের শরীরের সঙ্গে দীর্ঘমেয়াদি একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার দর্শন।
এই পদ্ধতির ১০টি মূলনীতি রয়েছে। প্রথমত, সাময়িক ও কঠোর ডায়েট প্ল্যানের ওপর আস্থা রাখা বন্ধ করতে হবে, আর ডায়েট মেনে চলতে না পারলে আত্ম-অপরাধবোধ থেকেও মুক্তি নিতে হবে। দ্বিতীয়ত, শরীর যখন শক্তির অভাব বোঝায়, অর্থাৎ খিদে পায়, তখন তাকে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা জরুরি। ক্ষুধা দীর্ঘদিন চেপে রাখলে পরে অনিয়ন্ত্রিত খাওয়ার ঝুঁকি বেড়ে যায়। তৃতীয়ত, পছন্দের খাবারকে একদম বর্জন করা উচিত নয়; কারণ কোনো খাবারকে নিষিদ্ধ করলে সেটির প্রতি আকর্ষণ আরও তীব্র হয়। চতুর্থত, নিজের মনে যে নেতিবাচক কণ্ঠস্বর নির্দিষ্ট খাবার খাওয়ার জন্য দোষারোপ করে, তাকে উপেক্ষা করতে হবে। পঞ্চমত, খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, সুন্দর পরিবেশে পছন্দের খাবার উপভোগ করে খাওয়া মন ও শরীর দুটোকেই তৃপ্ত করে। ষষ্ঠত, খাওয়ার মাঝে বিরতি নিয়ে শরীরকে জিজ্ঞেস করতে হবে পেট কতটুকু ভরেছে; আরামদায়ক অনুভূতি পাওয়ার পর খাওয়া বন্ধ করতে হবে। সপ্তমত, দুশ্চিন্তা, একাকিত্ব বা রাগ দমন করতে খাবারের আশ্রয় নেওয়া যাবে না, বরং আবেগের আসল কারণ খুঁজে তার সমাধান করতে হবে। অষ্টমত, সবার শারীরিক গঠন এক রকম নয়, তাই নিজের শরীরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে মেনে নিতে হবে। নবমত, শুধু ক্যালরি পোড়ানোর জন্য নয়, শরীরকে চাঙা ও সতেজ রাখতে ব্যায়ামকে উপভোগ করতে হবে। দশমত, স্বাস্থ্য ও রুচির সঙ্গে মানানসই খাবার বেছে নিতে হবে; একদিন খাবারে কিছুটা গোলমাল হলেই বড় ক্ষতি হয় না, সার্বিক ধারাবাহিকতা বজায় রাখাই মুখ্য।
গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন, তাঁদের মধ্যে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে। খাবার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ও অপরাধবোধ কমে যায়, ফলে মানসিক প্রশান্তি বাড়ে। শরীরের গঠন নিয়ে হীনম্মন্যতা দূর হওয়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সেই সঙ্গে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে এবং সার্বিক মেজাজ ভালো রাখতেও এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখে।
তবে এই পদ্ধতি সবার জন্য একইভাবে প্রযোজ্য নয়। যাঁরা বারবার ডায়েট করে ব্যর্থ হয়েছেন বা খাবার পর অনুশোচনায় ভোগেন, তাঁদের জন্য এটি বিশেষ উপযোগী। কিন্তু যাঁদের আগে থেকেই গুরুতর ইটিং ডিজঅর্ডার রয়েছে, অথবা যাঁরা নিউরোডাইভারজেন্ট (যেমন এডিএইচডি বা অটিজম), কিংবা শারীরিক কোনো জটিল রোগে ভুগছেন, তাঁদের এই পদ্ধতি শুরু করার আগে নিবন্ধিত ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
স্বাস্থ্যকর জীবন মানে নিখুঁত ডায়েট অনুসরণ করা নয়; নিজের শরীরকে বোঝা ও ভালোবাসাই প্রকৃত সুস্থতার পথ।




