সম্প্রতি সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে দি গ্রেগরিয়ান সোসাইটি—টিজিএস একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে স্কুল প্রাঙ্গণে গড়ে তোলা হচ্ছে ‘দি গ্রেগরিয়ান জাদুঘর’। অনুষ্ঠানে স্বাক্ষর করেন টিজিএসের সহসভাপতি ও ১৯৭৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী রিজওয়ান খাইর এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এ ছাড়াও ১৯৮২ ব্যাচের মো. হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
‘রক্ষা ও সংরক্ষণ’—এই স্লোগানকে সামনে রেখে শত বছরের বেশি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল্যবান ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা নিয়েছে গ্রেগরিয়ান সোসাইটি। দেশের কোনো বিদ্যালয়ে প্রথমবারের মতো জাদুঘর তৈরির এই উদ্যোগকে যুগান্তকারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণাধীন সংগ্রহশালাটির আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ নভেম্বর, ২০২৬।
বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সাবেক গ্রেগরিয়ানরা এই জাদুঘর নির্মাণে আর্থিক ও অন্যান্য অবদান রেখেছেন। একদল একনিষ্ঠ সাবেক শিক্ষার্থীর দীর্ঘদিনের পরিশ্রম ও প্রচেষ্টার ফল হিসেবে গড়ে উঠছে এই প্রকল্প। স্কুলটির ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের অর্জনকে নথিবদ্ধ করার ক্ষেত্রে এই জাদুঘর বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরা।




