নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক যুবকের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রায়হান (২৫) সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে আসেন তিনি, এর পাঁচ মাস আগে বিয়ে করেন। সম্প্রতি পুনরায় সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকালে তাঁর ভিসার অনুমোদন এলেও আর সেখানে যাওয়া হলো না।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান রাতে বাড়ির পাশে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যান। খেলা শেষে ভোরে ঘরে ফিরলে স্ত্রীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ বাধে। রাতে বাইরে থাকা নিয়ে শুরু হওয়া এই ঝগড়ার একপর্যায়ে স্ত্রী অভিমান করে ঘর থেকে চলে যান। এর কিছুক্ষণ পরেই ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রায়হানকে দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে রায়হান আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইব্রাহিম খলিল জানান, রাতে না ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে বচসার পর রায়হান আত্মহত্যা করে থাকতে পারেন। দুই ভাই ও এক বোনের মধ্যে রায়হান ছিলেন সবার বড়। তাঁর বাবাও সৌদি আরবে কাজ করেন।




