সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরের দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নাফ নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিজিবির ভাষ্য, আটককৃতদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য। আটক ব্যক্তিরা হলেন মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, একই স্টেশনের পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাতে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাউয়ার বিল এলাকায় আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে তারা কৌশলে বেরিয়ে আসেন। সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে নাফ নদীর তীরে পৌঁছান। রবিবার বেলা ১১টার দিকে তারা জারিকেনের সাহায্যে প্রায় দুই ঘণ্টা সাঁতরে নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটকের পর তাদের টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দোভাষীর সহায়তায় জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। তারা জানান, আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় দীর্ঘদিন ধরে তারা বন্দী ছিলেন এবং সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করছিলেন। সোমবার রাতে তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মিয়ানমারের তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার তাদের কক্সবাজার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। বিজিবি ও পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার থাকায় ওই তিনজনকে আটক করা সম্ভব হয়েছে বলে বিওপি সূত্রে জানানো হয়েছে।