রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বাংলাদেশের একাধিক ব্যবহারকারী ডেস্কটপে ফেসবুক ব্যবহারে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন। লগইন করতে না পারা, নিউজফিড লোড না হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহারে বিঘ্ন ঘটার অভিযোগ ওঠে। বিশেষ করে কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুকের ওয়েব সংস্করণ ব্যবহারকারীরা ‘অ্যাকাউন্ট টেম্পোরারি আনএভেইলেবেল’–এর মতো বার্তা পেয়েছেন বলে জানা গেছে।

কারওয়ান বাজারে অবস্থানরত গণমাধ্যমকর্মী সাইফুল সামিন জানান, বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গেলে তাঁর কাছে এই বার্তা আসে। তিনি বলেন, ‘সাইটের সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না বলে একটি নোটিশ দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সমাধান হবে।’ বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরেও ফেসবুক-সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে দেখা গেছে। ব্যবহারকারীরা সেখানে জানিয়েছেন, ওয়েব সংস্করণে প্রবেশ, পেজ লোড এবং ফিচার ব্যবহার করতে গিয়ে বারবার সমস্যা হচ্ছে। অনেক সময় পেজ লোড হতে দেরি হচ্ছে বা লগইনই করা যাচ্ছে না।

তবে মোবাইল অ্যাপে এই বিভ্রাট তুলনামূলকভাবে কম বলে জানাচ্ছেন ব্যবহারকারীরা। অনেকেই বলছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকমতো ব্যবহার না গেলেও মোবাইল অ্যাপে প্রায় স্বাভাবিকভাবে কাজ করছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিভ্রাটের পর ধীরে ধীরে পরিষেবা সচল হতে শুরু করেছে।

এ ঘটনার আগে গত মাসের ১২ তারিখেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল। ওইদিন সন্ধ্যা থেকে লগইনে ব্যর্থতা, নিউজফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েছিলেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। সেবার রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হতে শুরু করে। বর্তমান বিভ্রাটের পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা যাচ্ছে।