রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উৎসবের আমেজ বিরাজ করেছে। শিক্ষার্থীরা প্রত্যাশার চেয়ে ভালো ফল অর্জন করায় আনন্দ-উল্লাসে মেতে উঠেছে। কেউ ড্রাম বাজিয়ে, কেউ দলবদ্ধভাবে স্লোগান দিয়ে, আবার কেউ বন্ধুদের সঙ্গে আলিঙ্গন করে নিজেদের খুশি প্রকাশ করেছে।
দুপুর ১২টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সামিউজ্জামান জানায়, তার কাঙ্ক্ষিত ফল অর্জনের পেছনে অনেক পরিশ্রম রয়েছে। আল্লাহর রহমতে ভালো ফল পেয়ে সে যেমন খুশি, তার পরিবারও আনন্দিত। ভবিষ্যতে এই অর্জন তাকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে বলেও আশা প্রকাশ করে সে।
একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী অহনা সাহা জানায়, পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হওয়ায় এত ভালো ফল হবে তা আশা করেনি। ফল পেয়ে সে অত্যন্ত খুশি এবং এখন সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করবে।
বেলা একটার দিকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজেও একই ধরনের আনন্দঘন পরিবেশ দেখা যায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা একে অপরকে শুভেচ্ছা জানানো, ছবি তোলা এবং নিজেদের অর্জন উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী পূর্ণিমা রায় জানায়, বিশেষ করে উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্ন নিয়ে নানা আলোচনা ছিল। সব মিলিয়ে সে যে ফল আশা করেছিল, তার চেয়েও ভালো ফল পেয়েছে বলে জানায়।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও দেখা যায় আনন্দের ছোঁয়া। অভিভাবক ফারহানা আক্তার জানান, তার ছেলে আদিত হোসেন গোল্ডেন জিপিএ–৫ অর্জন করেছে। এই সাফল্যের পেছনে ছেলের নিজের পরিশ্রমের পাশাপাশি স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরেক শিক্ষার্থী তাইয়েবা তাসনিম জানায়, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা এবং উৎসাহের কারণেই তারা ভালো ফল করতে পেরেছে। এই ফলকে ভিত্তি করে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবে এবং জীবনের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চায় বলে জানায় সে।
ফল প্রকাশের দিন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আনন্দঘন পরিবেশ দেখা গেছে। দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও প্রত্যাশার পর কাঙ্ক্ষিত ফল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি ও সাফল্যের হাসি। তাদের এ অর্জনে আনন্দিত হয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্বজনেরাও।




