রাজধানীর শাহজাহানপুরের গুলবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী রুবেল মিয়ার বিরুদ্ধে। ঘটনার পরপরই তাকে আটক করেছে পুলিশ। শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার সকালে গুলবাগের ৩৩৪ নম্বরের একটি ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বপ্না খাতুনকে গলা টিপে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, চলতি মাসে রুবেল মিয়া ও স্বপ্না খাতুন ওই ভাড়া বাসায় উঠেছিলেন। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, শনিবার রাতে ও রোববার সকালে তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। পরে এক পর্যায়ে রুবেল তার স্ত্রীকে গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্বপ্না খাতুনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। তার স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সান্দিয়া এলাকায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।




