রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে মানবদেহের দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধারের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহীদনগর বউবাজার এলাকার বিপরীত পাশে বাবুবাজার-গাবতলীগামী বেড়িবাঁধের পশ্চিম ঢাল থেকে হাত দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছায় কামরাঙ্গীরচর থানার একটি টিম। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগের পাশে হাত দুটি পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির গায়ে ‘ডিএমসিএইচ ২০২৪–২৫ অর্থবছর’ লেখা ছিল।

উদ্ধারকৃত হাত দুটির একটিতে পাঁচটি আঙুল অক্ষত থাকলেও অন্যটির অবস্থা খারাপ। হাত দুটি কাদামাখা, আংশিক পচন ধরা এবং পোকায় আক্রান্ত অবস্থায় রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কিছুদিন আগে ঘটনাস্থলে বা অন্য কোথাও হাত দুটি ফেলে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাত দুটি উদ্ধার করে।

এ ঘটনায় হাত দুটি একই ব্যক্তির কি না, তার লিঙ্গ কী এবং পরিচয় কী — তা নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দুপুরে হাত দুটি থেকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। কে বা কারা এ হাত দুটি ওই স্থানে ফেলে গেছে, তা খুঁজে বের করতে এলাকায় তদন্ত চালাচ্ছে পুলিশ।