রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ খিলগাঁও বাগিচার ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের একটি ময়লার ভাগাড়ে তল্লাশি চালানো হয়। সেখানে পড়ে থাকা অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার এবং ছয়টি গুলি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো কীভাবে সেখানে পৌঁছেছে এবং এগুলোর কোনো অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার হয়েছে কি না — তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অস্ত্রগুলো উদ্ধারের পর সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।