২০২৪ সালে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস কজমো’তে অংশ নিয়ে সবার নজর কেড়েছিলেন ফারজানা ইয়াসমিন অনন্যা। সম্প্রতি থাইল্যান্ডে একটি নামকরা ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। গত এক সপ্তাহ আগে ফুকেটে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন অনন্যা ও মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাবধারী তানজিয়া জামান মিথিলা। তাঁদের সঙ্গে ফ্রান্স, প্যারাগুয়ে, ফিলিপাইন ও স্পেনের পাঁচজন আন্তর্জাতিক মডেল অংশ নেন। ফটোশুটের আয়োজক ছিল হংকংভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ভেসপার লিমিটেড। ইনস্টাগ্রামের মাধ্যমে অনন্যার সঙ্গে যোগাযোগ করে প্রতিষ্ঠানটি। প্রথমে দুবাইয়ে তাদের একটি অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে, কিন্তু ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সেই সফর বাতিল হয়ে যায়। পরে থাইল্যান্ডে নতুন একটি ফ্যাশন সংগ্রহে কাজের প্রস্তাব দেওয়া হয়। এই ফটোশুটের জন্য আগস্ট মাসে ফুকেটে পৌঁছান অনন্যা। যাতায়াত, স্থানীয় পরিবহন, পাঁচ তারকা হোটেল ও খাবারের সব খরচ বহন করে আয়োজক প্রতিষ্ঠান। ফুকেটে পৌঁছানোর পরদিন ৬ আগস্ট ভোর পাঁচটায় কল টাইম ছিল। এরপর সবার মেকআপ ও হেয়ার স্টাইল শুরু হয়। সুরিন বিচে প্রথম ফটোশুট অনুষ্ঠিত হয়। পরে দলটি বিচ ক্লাবে যায়, সেখানে দুপুরের খাবার শেষে আরেকটি ফটোশুট হয়। ভেসপারের রিসোর্ট ওয়্যার ও সুইমওয়্যারের নতুন সংগ্রহের জন্য আয়োজন করা হয় এই ফটোশুট। দুই দিনে প্রত্যেক মডেল চার থেকে পাঁচটি পোশাকে কাজ করেছেন। দ্বিতীয় দিনও ভোরবেলা মেকআপ শেষে নতুন লোকেশনে বেরিয়ে পড়েন মডেলরা। সূর্যাস্তের সময় শেষ ফটোশুট হয়। অনন্যা জানান, এই ফটোশুট থেকে তিনি ৪ লাখ টাকা সম্মানী পেয়েছেন। এছাড়া ৭৫ হাজার টাকার বিমান টিকিট এবং প্রতি রাতে ১৫ হাজার টাকা ভাড়ার রিসোর্টে থাকার ব্যয় বহন করে আয়োজক প্রতিষ্ঠান। জার্মানি থেকে ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার এবং যুক্তরাষ্ট্র থেকে কোরিওগ্রাফার এসেছিলেন এই আয়োজনে। প্যারাগুয়ের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৮ খেতাবধারী ক্লারা সোসাসহ বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করেন অনন্যা। তিনি বলেন, ‘পাঁচটি দেশের আমরা সাতজন নারী মডেল। একই সঙ্গে “ভোগ”–এর মতো ম্যাগাজিনে কাজের অভিজ্ঞতা থাকা আলোকচিত্রী, ভিনদেশের লোকেশন—সব মিলে অভিজ্ঞতাটা দারুণ।’
আন্তর্জাতিক ফটোশুটে অংশ নিয়ে ৪ লাখ টাকা সম্মানী পেলেন অনন্যা
থাইল্যান্ডের ফুকেটে একটি আন্তর্জাতিক ব্র্যান্ডের ফটোশুটে অংশ নেন মিস কজমো খ্যাত ফারজানা ইয়াসমিন অনন্যা। দুই দিনের এই আয়োজনে তিনি ৪ লাখ টাকা সম্মানী পেয়েছেন। ফ্রান্স, প্যারাগুয়ে, ফিলিপাইন ও স্পেনের মডেলদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ বলে মনে করছেন তিনি।




