পড়াশোনার পাশাপাশি অনেক শিক্ষার্থী এখন পেশাদার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। কেউ কেউ এ থেকে যথেষ্ট আয়ও করছেন। আবার কেউ কেউ ভবিষ্যতের প্রস্তুতি হিসেবে ক্যাম্পাস জীবন থেকেই কনটেন্ট বানানোর অভিজ্ঞতা সঞ্চয় করছেন। এমনই একজন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুশমিলা মুনজারিন প্রেরণা।

গত কোরবানির ঈদে মা-বাবাকে চমক দেওয়ার জন্য তিনি নিজে গরু কেনার সিদ্ধান্ত নেন। কিন্তু ভিন্ন কিছু করার বাসনা থেকেই গরু কেনার কাজে চ্যাটজিপিটির সাহায্য নেন। প্রযুক্তির এই সহায়ক তাকে অভিজ্ঞ ক্রেতার মতোই ধাপে ধাপে গাইড করে — কীভাবে দেশি গরু চেনা যাবে, আনুমানিক ওজন কত হতে পারে, হাটে গিয়ে কী কী প্রশ্ন করতে হবে। সেই পরামর্শ মেনে তিনি ৯১ হাজার টাকায় একটি সুন্দর গরু কিনে বাড়ি ফেরেন, যা নিয়ে তৈরি করেন একটি ভিডিও।

ছোটবেলা থেকেই প্রযুক্তি ও ভিডিও নির্মাণের প্রতি বিশেষ আকর্ষণ ছিল প্রেরণার। গৎবাঁধা পড়াশোনায় আগ্রহ না থাকলেও পড়া ছাড়ার কোনো উপায় ছিল না। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষার দুই-তিন মাস আগে থেকে পড়ালেখার পাশাপাশি ভিডিও তৈরি শুরু করেন। নিজের পড়ার বিষয়গুলোই ভিডিও আকারে ধারণ করতে থাকেন, যা তার কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রার সূচনা।

২০২২ সালে প্রথম ভিডিওটি ছিল বাবার উপহার দেওয়া স্মার্টফোনের আনবক্সিং। সেই শখের শুরু থেকে এখন পর্যন্ত মোট আয় প্রায় দেড় হাজার ডলার, যা এক লাখ ৮০ হাজার টাকার বেশি। এতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় এবং দেশের বিভিন্ন স্বনামধন্য করপোরেট ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।

শুধু নিজের জন্য কনটেন্ট বানিয়েই থেমে থাকতে চান না প্রেরণা। দেশে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পড়াশোনার কনটেন্টের অভাব তিনি অনুভব করেছেন। সেই অভাব পূরণে দুই মাস আগে চালু করেছেন এডটেক প্ল্যাটফর্ম 'স্টাডিজার্নাল'। তার কাজিন ও বন্ধুরা এই প্ল্যাটফর্মে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের পড়াচ্ছেন। ইংরেজি মাধ্যমের পড়াশোনাকে সহজ ও আকর্ষণীয় করতে বিভিন্ন শিক্ষণীয় কনটেন্ট তৈরি করা হচ্ছে।

সিএসইতে পড়ে কনটেন্ট ক্রিয়েটর ও এডটেক উদ্যোক্তা হয়েও প্রেরণার মূল লক্ষ্য বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়া। পাশাপাশি নিজের উদ্যোগগুলোকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন তার।