অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার সিলেটে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। এর আগে প্রতিষ্ঠানটি উবার মোটো ও উবার রেন্টালস চালু করলেও এখন থেকে সিলেট শহরে সম্পূর্ণ সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে উবার বাংলাদেশ।
শহরের যাতায়াত ব্যবস্থার উন্নতি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, উবারের এই নতুন পথচলা শুধু যাতায়াত ব্যবস্থাই উন্নত করবে না, বরং ব্যবসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং স্থানীয় চালকদের জন্য আয়ের নতুন সুযোগ সৃষ্টি করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা শুরু হলেও এর সাফল্য স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের অংশগ্রহণের ওপর নির্ভরশীল। তিনি উল্লেখ করেন, আমেরিকান প্রযুক্তি এখন বাংলাদেশি মানুষের চাহিদা পূরণ করছে, চালকদের আয়ের পথ তৈরি করছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও একটি বিকল্প সরবরাহ করছে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী জানান, বাংলাদেশ সবসময়ই উবারের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানটি যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি চালকদের জন্য সুবিধাজনক অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে উবার। ঢাকার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগ ও শহরে সেবা বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই সম্প্রসারণকে দেখা হচ্ছে।




