দেশের বাজারে নতুন একটি স্মার্টফোন মডেল উন্মোচন করেছে ভিভো বাংলাদেশ। ‘ভিভো ওয়াই৫০০’ নামের এই ফোনটির বিশেষত্ব হলো এর বিশাল ব্যাটারি ক্ষমতা। ফোনটিতে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি সংযুক্ত থাকায় একবার সম্পূর্ণ চার্জ দিয়ে টানা ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা সম্ভব। শুধু তাই নয়, ফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত থাকায় ব্যবহারকারীদের চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা কম থাকে। বাইপাস চার্জিং প্রযুক্তির কারণে চার্জ দেওয়ার সময়ও ফোন ব্যবহার করা যায় এবং ব্যাটারির আয়ু বাড়ে। ভিভো বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ফোনের ব্যাটারি ছয় বছর পর্যন্ত তার কার্যকারিতা বজায় রাখে, ফলে দীর্ঘ মেয়াদে ফোনটি ব্যবহার করা স্বাচ্ছন্দ্যজনক।

প্রদর্শনের দিক থেকে ফোনটি ৬.৮৩ ইঞ্চি অ্যামোলেড পর্দা নিয়ে এসেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলতে বা ভিডিও দেখতে কোনো অসুবিধা হয় না। পর্দার উজ্জ্বলতা সর্বোচ্চ ৫০০০ নিটস, যা উজ্জ্বল আলোতেও স্পষ্ট দেখা যায়। দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের সুরক্ষার জন্য আই প্রটেকশন মোড রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে অরিজিন ওএস৬ ব্যবহার করা হয়েছে। ফোনটির সামনের ক্যামেরা ৩২ মেগাপিক্সেল এবং পেছনের ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও অ্যান্টিড্রপ সুবিধা থাকায় পানির নিচেও ছবি তোলা যায় এবং ফোন পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা কম। এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাই ফিচার থাকায় ছবি ও ভিডিও সম্পাদনা করা সহজ।

ফোনটির ধারণক্ষমতা সংস্করণভেদে ১২৮ ও ২৫৬ গিগাবাইট। র্যাম ৬ গিগাবাইট। দাম যথাক্রমে ৩৬ হাজার ৯৯৯ টাকা ও ৪৩ হাজার ৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। আগাম ফরমাশ দিলে বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বাড়তি খরচ ছাড়া ৯ মাসের কিস্তিতেও ফোনটি কেনা যাবে। বাংলালিংক কিস্তিতে স্মার্টফোন কেনার এই সুযোগ দিচ্ছে।