রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় বসবাসকারী জিহাদ (২০) নামের এক তরুণের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. পারভেজ (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
জিহাদের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। তাঁর বাবার নাম মো. মোশারফ হোসেন। তিনি রায়েরবাজারের হাশেম খান সড়ক এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, জিহাদের ব্যবহৃত মুঠোফোনটি গ্রেপ্তারকৃত পারভেজের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মুঠোফোন নিয়ে পূর্বশত্রুতার জেরে গত রোববার রাতে আসামিরা জিহাদকে মারধর করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাঁকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা আরও জানান, পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী জিহাদের সঙ্গে পারভেজসহ অন্য আসামিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মারধর করে জিহাদের মুঠোফোনটি আসামিরা নিয়ে যায়। আসামি পারভেজ গত সোমবার দুপুরের দিকে জিহাদকে তাঁর বাসার সামনে ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ উত্তরার হাসপাতালটিতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তীতে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।




