কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির জোড়া লাগা যমজ সন্তান জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে ভর্তির পরপরই শিশুদের খোঁজ নিতে পৌঁছে এমন আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আর্থিক সংকটের কারণে শিশুদের চিকিৎসা করাতে না পেরে মা-বাবা তাদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে গিয়েছিলেন। সংবাদমাধ্যমে এই ঘটনা প্রকাশের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করেন বলেও জানান মন্ত্রী। চিকিৎসার জন্য সোমবার তাদের ঢামেকে আনার অনুরোধ করা হলে তারা তা রক্ষা করেছেন। শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এবং প্রয়োজনে বাইরের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে শিশুদের চিকিৎসার পরিকল্পনার কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শিশু দুটির চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। ইতিমধ্যে তাদের মা-বাবার সঙ্গে কথা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করেছে। সেই সঙ্গে হাতখরচ হিসেবে তাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

প্রায় তিন মাস সাত দিন আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু দুটির জন্ম হয়। নাহিদ ও সানজিদা দম্পতির আগে আরও একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। দরিদ্র পরিবারটির পক্ষে জটিল এই অস্ত্রোপচারের খরচ বহন করা সম্ভব না হওয়ায় সরকারের এই সহায়তাকে পরিবারটির জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।