প্রযুক্তি জগতের কিংবদন্তি স্টিভ জবসের মৃত্যুর ১৪ বছর পরও তাঁর জীবন নিয়ে আলোচনা থেমে নেই। তবে তাঁর ব্যক্তিগত জীবনের একটি ধূসর অধ্যায় অনেকেরই অজানা—তা হলো তাঁর প্রথম কন্যা লিসা ব্রেনান-জবসের সঙ্গে সম্পর্ক। ১৯৭৮ সালের ১৭ মে জন্ম নেওয়া লিসা জবসের শিল্পী প্রেমিকা ক্রিস্যান ব্রেনানের গর্ভে আসেন। কিন্তু জবস সেই সময় নিজের ক্যারিয়ার গড়ার ব্যস্ততায় পিতৃত্বের দায়িত্ব নিতে চাননি। তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি সন্তান ধারণে অক্ষম, এমনকি আদালতে গিয়ে নিজেকে ‘স্টেরাইল’ ও ‘ইনফার্টাইল’ বলে ঘোষণা দিয়েছিলেন। পরে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষায় ৯৪ শতাংশ মিল পাওয়া গেলে তিনি ভরণপোষণ দিতে বাধ্য হন। মজার বিষয় হলো, সেই সময় অ্যাপল ‘লিসা’ নামে একটি কম্পিউটার প্রকল্প নিয়ে কাজ করছিল। জবস বহু বছর ধরে দাবি করতেন যে নামটি ‘লোকাল ইন্টিগ্রেটেড সিস্টেম আর্কিটেকচার’-এর সংক্ষিপ্ত রূপ। তবে এক দশক পর তিনি স্বীকার করেন যে আসলে এটি তাঁর মেয়ের নামেই রাখা হয়েছিল। লিসার শৈশব কেটেছে আর্থিক সংগ্রামের মধ্যে। মা-মেয়েকে সরকারি সাহায্য নিয়ে চলতে হতো। অন্যদিকে, অ্যাপলের আইপিওর পর জবস মুহূর্তের মধ্যে মাল্টি-মিলিয়নেয়ার হয়ে গেলেও তিনি লিসার ভরণপোষণ খুব বেশি বাড়াননি বলে অভিযোগ রয়েছে। পরে জবসের বোন মোনা সিম্পসনের সহায়তায় বাবা-মেয়ের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। লিসা হাইস্কুলে পড়ার সময় কিছুদিন বাবার বাড়িতেও ছিলেন। কিন্তু সেখানে তিনি প্রায়ই শীতল আচরণ ও কটূক্তির শিকার হন। তাঁর লেখা ‘স্মল ফ্রাই’ বইয়ে লিসা জানিয়েছেন, একবার তিনি বাবার পুরোনো পোরশে গাড়ি চাইলে জবস বলেছিলেন, ‘তুমি কিছুই পাচ্ছ না। কিছুই না।’ হার্ভার্ডে পড়ার সময় জবস প্রথমে টিউশন দিতে অস্বীকার করলে লিসাকে বন্ধুদের কাছ থেকে ধার করতে হয়েছিল। তবে পরে জবস অনুতপ্ত হয়ে সেই টাকা ফেরত দেন। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময় জবসের সবচেয়ে কাছে ছিলেন লিসা। অন্য সন্তানেরা নিজেদের জীবনে ব্যস্ত থাকলেও লিসা নিয়মিত বাবার সেবা করতেন। মৃত্যুর আগে জবস কাঁদতে কাঁদতে লিসাকে বলেন, ‘আমি তোমার কাছে ঋণী।’ শেষ পর্যন্ত জবস লিসাকে তাঁর অন্য তিন সন্তানের মতোই বহু-মিলিয়ন ডলারের উত্তরাধিকার দিয়ে যান। লিসার ‘স্মল ফ্রাই’ বইটি সমালোচকদের প্রশংসা পেলেও জবস পরিবারের অনেকে বইটির বর্ণনার সঙ্গে একমত নন।
পিতৃস্বীকৃতি থেকে উত্তরাধিকার: স্টিভ জবসের অনাকাঙ্ক্ষিত কন্যা লিসার অজানা গল্প
প্রয়াত অ্যাপল সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার কন্যা লিসা ব্রেনান-জবসকে প্রথমে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিলেন। পিতৃত্ব মামলা, ডিএনএ পরীক্ষা ও দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর আগে জবস অনুশোচনা প্রকাশ করেন এবং উত্তরাধিকার দিয়ে যান।




