শিশু-কিশোরদের জন্য দিনব্যাপী আয়োজন ‘শ্রাবণ মেঘের দিন ২০২৬’-এর নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় এই উৎসব অনুষ্ঠিত হবে। জলছবি নামক প্রতিষ্ঠান এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও আত্মবিশ্বাস বিকাশে উদ্বুদ্ধ করতে চায়।

দিনভর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। শিশু-কিশোররা চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও অভিনয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এছাড়াও থাকছে পাপেট শো, ক্লে বা মাটির কাজের ওয়ার্কশপ এবং ভ্রমণবিষয়ক গল্প ও অভিজ্ঞতা বিনিময়ের বিশেষ পর্ব। এই পর্বে নিজের ভ্রমণ অভিজ্ঞতা শোনাবেন আলোকচিত্রী ও ভ্রমণ লেখক হোমায়েদ ইসহাক মুন।

উৎসব প্রাঙ্গণে সারা দিন চলবে নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা মেলা। দিনের শেষভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড পরিবেশনার আয়োজন রয়েছে। এতে অংশ নেবেন জলের গানের কনক আদিত্য এবং আকিব হুসাইনের ব্যান্ড ‘দ্য কিং’সহ বিভিন্ন শিল্পী।

প্রযুক্তিনির্ভর বিনোদনের এই সময়ে শিশুদের হাতে-কলমে শেখা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। পাশাপাশি নতুন বন্ধু তৈরি, দলগতভাবে কাজ শেখা এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করাও উৎসবের অন্যতম লক্ষ্য।

উৎসবে অংশ নেওয়া সব শিশু-কিশোরকে অংশগ্রহণ সনদ প্রদান করা হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য জলছবির অফিশিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। আগ্রহী শিশু-কিশোর ও অভিভাবকদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার কিশোর আলো।