বসতবাড়ি বা যে কোনো কাঠামোর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি রোদ, বৃষ্টি ও আর্দ্রতার মতো প্রাকৃতিক উপাদান থেকে দেয়ালকে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেওয়ার কাজটি করে রং। তাই রং নির্বাচনের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া জরুরি। বর্তমান বাজারে সিসামুক্ত এবং লো-ভিওসি (অস্থায়ী জৈব যৌগমুক্ত) রং সহজলভ্য। পরিবারের সদস্যদের, বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে গন্ধহীন ও পরিবেশবান্ধব রং বেছে নেওয়া উচিত। স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি এটি দীর্ঘমেয়াদে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। ঘরের ভেতরের জন্য সাধারণত ইমালশন বা প্লাস্টিক পেইন্ট ব্যবহার করা হয়, যা সহজে পরিষ্কারযোগ্য এবং ফিনিশিং ভালো দেয়। অন্যদিকে বাইরের দেয়ালের জন্য রোদ-বৃষ্টি প্রতিরোধী বিশেষ ধরনের ‘ওয়েদার কোট’ ব্যবহার করতে হয়। কাঠ বা ধাতব জিনিসের জন্য এনামেল রং সবচেয়ে উপযুক্ত, যা দীর্ঘস্থায়িত্ব ও চকচকে ভাব ধরে রাখে। রং করার আগে সরাসরি দেয়ালে রং না করে মানসম্মত প্রাইমার ও পুট্টির সঠিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এটি রংকে আরও দীর্ঘস্থায়ী করে এবং নিখুঁত ফিনিশিং এনে দেয়। পুট্টি দেয়ালের ফাটল ও অসমতল দূর করে এবং প্রাইমার রং ও দেয়ালের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। রং নির্বাচনের সময় রক্ষণাবেক্ষণের দিকটিও গুরুত্বপূর্ণ। এমন রং বেছে নেওয়া ভালো যা সহজেই পানি দিয়ে পরিষ্কার করা যায় এবং যাতে ফাঙ্গাস, ড্যাম্প বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে। আধুনিক রংগুলোতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান যুক্ত থাকে, যা দেয়ালকে সতেজ ও স্বাস্থ্যকর রাখে। রঙের মনস্তাত্ত্বিক প্রভাবও উপেক্ষা করা যায় না। হালকা রং ঘরের আলো প্রতিফলিত করে ঘরকে বড় ও উজ্জ্বল দেখায়। অন্যদিকে গাঢ় রং ঘরে একটি উষ্ণ ও অভিজাত পরিবেশ তৈরি করে। তাই ঘরের ব্যবহার ও মেজাজ অনুযায়ী সঠিক রং নির্বাচন করা উচিত।