পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় তেঁতুলতলায় আয়োজিত এই সভায় প্রধান বক্তব্য দেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বক্তব্যের শুরুতে তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় জনগণের সামনে দুটি লক্ষ্য ছিল—এক, হাসিনামুক্ত বাংলাদেশ এবং দুই, হাসিনার শাসনকাঠামোমুক্ত বাংলাদেশ। প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করতে পেরেছি, আওয়ামী লীগ-মুক্ত করতে পেরেছি। শাসনকাঠামো থেকে তারা পরাজিত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে।’ তবে দুঃখের বিষয়, হাসিনা যে নিয়মকানুন দিয়ে দেশ পরিচালনা করতেন, সেগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
এনসিপি নেতা বিএনপির সমালোচনা করে অভিযোগ করেন, দলটি বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব নিতে চাইলেও বাস্তবে স্থানীয় সরকারে একদলীয় শাসন কায়েমের পাঁয়তারা করছে। তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় যে বিএনপি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু দেশের সব জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসক বিএনপির পদধারীরা। এখন ইউনিয়ন পর্যায়েও তারা নিজেদের লোকদের প্রশাসক বানানোর চেষ্টা চালাচ্ছে।’ এ প্রসঙ্গে তিনি বিএনপির প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, ‘এই বাংলাদেশটাকে সবার হতে দিন, জনগণের হতে দিন। এই দেশ আর পুরোনো নিয়মে চালানো যাবে না।’
সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করে আখতার হোসেন বলেন, তারা সংস্কার বাস্তবায়নে আগ্রহী নয়, বরং সংবিধান সংশোধন কমিটির নামে সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, ‘আমরা কুসুম কুসুম সংশোধনী নয়, বরং বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন চেয়েছি। সংবিধানের ফ্যাসিবাদের সব বীজ উৎপাটন করে একে গণমানুষের সংবিধানে পরিণত করতে হবে।’ তিনি আরও বলেন, আবু সাঈদরা যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছেন, সেই লক্ষ্যের ভিত্তিতেই বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হওয়া জরুরি।
সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।




