মুহাম্মদ রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। গত রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা, সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সম্পর্ক ছিন্ন করার শর্ত সাপেক্ষে রাশেদ খাঁনকে এই নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি পর্যন্ত—যেটি আগে ঘটে—তিনি এই পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন রাশেদ খাঁন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেন। ফেসবুক পোস্টের মাধ্যমেই তিনি প্রথমবারের মতো এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের ২৭ ডিসেম্বর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে বিএনপিতে যোগ দেন মুহাম্মদ রাশেদ খাঁন। এরপর তিনি ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নেন। তবে ওই আসনে তিনি বিজয়ী হতে পারেননি। এখন সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।




