যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সন্তান মাছুম আহমদ (৪০)। সোমবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাছুম বিশ্বনাথ পৌরসভার পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন, সেখানে তার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর সংবাদটি গ্রামের মসজিদের মাইকে প্রচার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শৈশব থেকেই মাছুম যুক্তরাজ্যে থাকতেন এবং সময়ে সময়ে দেশে আসতেন। বর্তমানে তার মরদেহ যুক্তরাজ্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মাছুমের বাবা আমির আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্যে অবস্থানরত তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর দেন। এর আগে স্থানীয় সময় রাত চারটার দিকে পুলিশ মারুফের বাসায় গিয়ে মাছুমের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করে তার ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
আমির আলী বলেন, ‘কেন আমার ছেলেকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।’ তিনি জানান, এই ঘটনায় যুক্তরাজ্য পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, প্রবাসী এই বাংলাদেশির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাছুমের সহকর্মী ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।




