গত শনিবার সন্ধ্যায় ইতালির ভিসেঞ্জা শহরের একটি স্থানীয় পার্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য গ্রিল পার্টি ও মিলনমেলা। প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজনে উপস্থিত হন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা। আয়োজকদের তত্ত্বাবধানে মনোরম এই পরিবেশে প্রবাসীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর আবহ।

অংশগ্রহণকারীরা একত্রে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি প্রবাসজীবনের সামাজিক ও বিভিন্ন সমস্যা নিয়েও খোলামেলা মতবিনিময় করেন। দূরের দেশে নিজেদের জীবনের নানা গল্প, সাফল্য ও অভিজ্ঞতা ভাগ করে নেন তারা। অনুষ্ঠানের সার্বিক আয়োজনে ছিলেন ছালেখ আহমদ, রাসেল আহমদ, হাসনাত খান, জমির আলী, আজিজ আহমদ ও শেখ সিরাজুল ইসলাম শান্ত। আয়োজনের বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মাসুম মোস্তাফিজউর রহমান ও এমাদ উদ্দিন।

আয়োজন পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফরহাদ আহমদ বাবর, মামুন খান ও মাসুম আহমেদ। স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল সাত্তার, আবদুল আউয়ালসহ বহু প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রবাসীদের এমন মিলনমেলা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। প্রবাসে থাকা বাংলাদেশিদের ঐক্য ও সংহতি বজায় রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।