হাইকোর্ট মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর বৈধতা নিয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। গত ৭ জুন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসেন রশিদ এই রিট দায়ের করেছিলেন। রিটে আইনটির উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হয়। দাবি করা হয়, ১৯৭৩ সালের আইনটি মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের বিচারের জন্য তৈরি হলেও পরবর্তীতে সিমলা চুক্তি ও ত্রিপক্ষীয় দিল্লি চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের ফলে এর প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে। আরও বলা হয়, আইনটি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ারে পরিণত হয়েছে। রিটে আইনটি রহিত করার নির্দেশনা চাওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মহসেন রশিদ নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তুহিন। শুনানি শেষে আদালত গত ২৬ জুলাই আদেশের জন্য দিন রেখেছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান তুহিন জানান, রিটটি সরাসরি খারিজ হয়ে গেছে। রিটে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছিল। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের সহযোগীদের অপরাধের বিচার নিশ্চিতের জন্য ১৯৭৩ সালে এই আইনটি প্রণয়ন করা হয়। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আইনের অধীনেই যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করছে।