রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসের একটি ভবনে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলামের (২১) মৃত্যু হয়েছে। পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব ভবনের সপ্তম তলার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। ওই কক্ষে মোট পাঁচজন পুলিশ সদস্য থাকার ব্যবস্থা থাকলেও ঘটনার সময় সাইদুল ছাড়া অন্যরা ডিউটিতে বাইরে ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকর্মীরা কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগানো দেখতে পান। বিষয়টি ডেমরা থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে সাইদুলকে উদ্ধার করে। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ডেমরা অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, সাইদুল ইসলাম পিওএমের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতালে মৃতের চাচা মো. সোহাগ সাংবাদিকদের জানান, সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুরে। প্রায় ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবলের চাকরিতে যোগ দেন। তাঁর পরিবারের সদস্যরা ঘটনার আকস্মিকতায় হতবাক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় ডেমরা থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




