প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা ও বিমানবন্দরে অগ্রাধিকারভিত্তিক চেকইন এবং বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে 'প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়' শীর্ষক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হকসহ দুই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। তিনি উল্লেখ করেন যে মুখে প্রবাসীদের 'রেমিট্যান্স যোদ্ধা' বলা হলেও বাস্তবে তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন সব সময় প্রতিফলিত হয় না। তাঁর মতে, 'প্রবাসী কার্ড' চালুর মাধ্যমে প্রবাসীদের কাজের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা আরও নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সেবার মান উন্নত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য শাটল বাসসেবা চালু করা হয়েছে। তাঁর ভাষ্য, প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত বিমানসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসী কার্ডধারী ব্যক্তিদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের জন্য প্রায়োরিটি চেকইন ও প্রায়োরিটি বোর্ডিং সুবিধা চালুর ব্যবস্থা নেওয়া হবে। এসব সুবিধা বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) মো. শাকিরুল ইসলাম খানসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




