ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে হামলা পরিচালনায় সহায়তার জন্য ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারের অনুমতি পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন। সম্প্রতি ওয়াশিংটনে এক ব্যস্ত সফরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সরাসরি ট্রাম্পের কাছে এই অনুরোধ জানান জেলেনস্কি। একই দিনে ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের কাছেও তিনি একই দাবি পেশ করেন। এই বিষয়ে অবগত দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবেদনশীল আলোচনার বিবরণ নিশ্চিত করেছেন।
তবে ট্রাম্প জেলেনস্কির অনুরোধের ব্যপারে কোনো প্রতিশ্রুতি দেননি। ইউক্রেনের নিজস্ব ভূখণ্ডে, এমনকি রুশ দখলে থাকা অঞ্চলেও স্টারলিংক ব্যবহারের অনুমতি থাকলেও রাশিয়ার অভ্যন্তরে স্যাটেলাইট নেটওয়ার্কটি ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছেন মাস্ক। গত কয়েক সপ্তাহ ধরে জেলেনস্কি মার্কিন কর্মকর্তাদের কাছে স্টারলিংকের ব্যবহার সম্প্রসারণের পক্ষে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইউক্রেনীয় নেতা তার রাজধানী সফরের সময় সেনা এবং মিত্রদের সাথে সাক্ষাতের সুযোগ কাজে লাগান। রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস বলেন, “তাদের দূরপাল্লার ও মাঝারি-পাল্লার সিস্টিমকে আরও নির্ভুল করার জন্য দীর্ঘমেয়াদে স্টারলিংক ব্যবহারের প্রয়োজন আছে।” তিনি আরও জানান, জেলেনস্কি স্পষ্ট করেই বুঝিয়েছেন যে তারা সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চান, শুধু কাছাকাছি কোনো জায়গা নয়।
অন্যদিকে, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির লাইসেন্স ইস্যুতে আগের অঙ্গীকার থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তুর্কির এক সম্মেলনে ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অধিকার দেওয়ার কথা বললেও পরে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে তিনি সিদ্ধান্ত না নেওয়ার কথা বলেন। ট্রাম্পের ভাষায়, “এ ধরণের প্রযুক্তি প্রদান করা কঠিন একটি বিষয়।” এই অবস্থায়, জেলেনস্কি বিকল্প হিসেবে স্টারলিংক সম্প্রসারণের ওপর জোর দিচ্ছেন।
মাস্কের জন্য এই অনুমতি ঝুঁকিপূর্ণ হতে পারে। গোয়েন্দা তথ্যের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছিল, রাশিয়া স্টারলিংক নক্ষত্রপুঞ্জকে লক্ষ্য করে একটি ধ্বংসাত্মক এন্টি-স্যাটেলাইট অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। মস্কো স্টারলিংককে এক মারাত্মক হুমকি হিসবে দেখে। ইউক্রেনের জন্য স্টারলিংক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার, যা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশটির টিকে থাকায় ভূমিকা রেখেছে।
জেলেনস্কি সম্প্রতি ইরানের সমর্থন ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে রাশিয়ার সহায়তার প্রমাণ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, “জেলেনস্কি খুব জোর দিয়েই বলেছেন যে তারা মনুষ্যবিহীন যুদ্ধ প্রযুক্তি, বিশেষ করে বিমানহীন যুদ্ধে আরও বড় সহায়তা দিতে প্রস্তুত, যা ইরানের ক্ষেত্রে কার্যকর হয়েছে।” জেলেন্সকি তার দেশকে ইরানের ড্রোন হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা দেওয়ার সক্ষমতা হিসেবে উপস্থাপন করছেন।



