যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হত্যার পুরস্কার ঘোষণা করেছে ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) নামের সংগঠনটি বলেছে, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে এক কোটি ডলার দেওয়া হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যা প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকার সমান।
সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প জানান, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যায় তাঁর সরাসরি ভূমিকা ছিল। এই প্রকাশ্য স্বীকারোক্তির পরই ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ট্রাম্পের মাথার দাম নির্ধারণ করে।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে জানায়, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে প্রাপ্ত অনুদানের অর্থ দিয়ে এই পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। স্বৈরাচারীরা কখনো শান্তি পাবে না এবং সম্মানিত মানুষের ক্ষোভ থেকে ওই অপরাধী নিরাপদ আশ্রয় খুঁজে পাবে না।
সংগঠনটি আরও জানিয়েছে, যোদ্ধাদের জন্য প্রতিশোধ নেওয়া একটি বাধ্যতামূলক অঙ্গীকার। তাদের ভাষ্যে বলা হয়েছে, শহীদদের রক্ত অভিশাপ হয়ে অহংকারীদের সিংহাসন কাঁপিয়ে দেবে, যতক্ষণ না আগ্রাসনকারীরা পরাজিত হয় এবং স্বৈরাচারের দুর্গগুলো ধসে পড়ে। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্পের এমন স্বীকারোক্তি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ভালোভাবে নেয়নি বলেই বিশ্লেষকদের মতে, এই পুরস্কার ঘোষণা করা হলো। উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি নিহত হন, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে চরম সংকটে ফেলে দেয়।



