যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসতে চলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। তবে তাঁর নতুন মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রিসভা ঘোষণায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে বার্নহ্যাম বলেন, দায়িত্ব গ্রহণের আগেই মন্ত্রিসভায় রদবদল শুরু করলে তা অগ্রিম হয়ে যাবে এবং এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তিনি আরও জানান, সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

জল্পনা অনুযায়ী, অর্থমন্ত্রী (চ্যান্সেলর) পদে র‍্যাচেল রিভসের স্থলাভিষিক্ত হতে পারেন এডওয়ার্ড মিলিব্যান্ড বা শাবানা মাহমুদ। দুজনেই দলের গুরুত্বপূর্ণ মুখ। দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র বার্নহ্যাম তাঁর সরকারের নীতি-অগ্রাধিকার তুলে ধরেন। সেখানে তিনি সমাজসেবা ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

এদিকে ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ বার্নহ্যামের নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, বার্নহ্যাম কোনো গণরায় (ম্যান্ডেট) ছাড়াই ক্ষমতায় আসছেন। তাই তাঁকে অবিলম্বে একটি সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ফারাজ। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটের নেতা এডওয়ার্ড ডেভি নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আরও সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তাঁর দরজা সবসময় খোলা। ডেভি বিশেষ করে পানি খাতে সংস্কার, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) খাতে আরও সহায়তা এবং সমাজসেবা ব্যবস্থায় পরিবর্তন দেখতে চান। এর মধ্যে পরিবারের স্বজনদের সেবাযত্ন করেন এমন ব্যক্তিদের (ফ্যামিলি কেয়ারার) জন্য আরও সহায়তা দেওয়ার বিষয়টিও রয়েছে।

উল্লেখ্য, এক মাস আগে উপনির্বাচনে বিপুল ভোট পেয়ে পুনরায় পার্লামেন্টে ফেরেন বার্নহ্যাম। চলতি সপ্তাহের শুরুতে লেবার পার্টির ৩৭৯ সাংসদ ও দলটির সঙ্গে সংশ্লিষ্ট ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়ে দলীয় নেতৃত্বের একমাত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী, সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন। বার্নহ্যাম জানিয়েছেন, খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে সোমবার সেগুলো ঘোষণা করবেন।