অনেক মুমিন বড় গুনাহ থেকে বিরত থাকলেও ছোট পাপগুলোকে তুচ্ছ জ্ঞান করে থাকেন। মুখ দিয়ে বেরিয়ে যাওয়া অপ্রয়োজনীয় কথা, নিষিদ্ধ দৃষ্টি বা মনে মনে গিবত চর্চা—এগুলোকে অনেকে হালকাভাবে নিয়ে থাকেন। তবে কুরআন ও হাদিসের আলোকে এ ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, অণু পরিমাণ মন্দ কাজও মানুষের চোখের সামনে আনা হবে (সুরা জিলজাল, আয়াত: ৮)। অর্থাৎ, যে পাপ যত ক্ষুদ্রই হোক না কেন, তার হিসাব দিতে হবে।
ছোট পাপ যে কেবল আখিরাতের বিষয় নয়, বরং দুনিয়াতেও এর প্রভাব পড়ে, তা হাদিসে স্পষ্ট। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মানুষ তার পাপের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪০২২)। এছাড়াও পাপের প্রভাবে অন্তর কঠোর হয় এবং কলুষিত হতে থাকে। প্রতিটি পাপের ফলে অন্তরে একটি কালো দাগ পড়ে; তওবা করলে তা দূর হয়, কিন্তু বারবার পাপ করলে তা অন্তরকে পুরোপুরি ঢেকে ফেলে (সুনানে তিরমিজি, হাদিস: ৩৩৩৪)।
পাপ জমে জমে যে ধ্বংস ডেকে আনে, সে সম্পর্কে নবী করিম (সা.) সতর্ক করে বলেছেন, ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো, কারণ এগুলো একত্র হতে হতে মানুষকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় (মুসনাদে আহমাদ, হাদিস: ৩৮১৮)। কেয়ামতের দিন সব পাপের হিসাব নেওয়া হবে। পাপীরা তখন আমলনামা দেখে আক্ষেপ করবে যে, এ কিতাবে ছোট-বড় কিছুই বাদ দেওয়া হয়নি (সুরা আল-কাহফ, আয়াত: ৪৯)।
পাপকে দেখার দৃষ্টিভঙ্গিতেই মুমিন ও পাপাচারীর পার্থক্য ফুটে ওঠে। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন, মুমিন তার পাপকে পাহাড়ের নিচে বসে থাকার মতো ভয়ের সাথে দেখে, যেন তা তার ওপর ভেঙে পড়বে। অপরদিকে পাপাচারী ব্যক্তি তার পাপকে নাকের পাশ দিয়ে উড়ে যাওয়া মাছির মতো তুচ্ছ মনে করে (সহিহ বুখারি, হাদিস: ৬৩০৮)। এই মনোভাবই মানুষকে আরও বড় পাপের দিকে ঠেলে দেয়।
ইবনে আব্বাস (রা.)-এর ভাষ্য মতে, ক্ষমাপ্রার্থনার সাথে কোনো পাপই বড় থাকে না, কিন্তু বারবার করার ফলে ছোট পাপও বড় হয়ে যায়। ইমাম গাজ্জালি (রহ.) বলেন, পাপকে ছোট মনে করাটাই সবচেয়ে বড় বিপদ। বান্দা যে পাপকে যত বড় মনে করে, আল্লাহর কাছে তা তত ছোট; আর যে পাপকে সে তুচ্ছ করে, তা আল্লাহর কাছে তত বড়। কারণ, পাপকে বড় ভাবলে তার প্রতি ঘৃণা জন্মে, আর তুচ্ছ ভাবলে তার প্রতি অভ্যস্ততা তৈরি হয়। ফলে পাপের প্রভাব অন্তরে গভীরভাবে পড়ে (ইহয়াউ উলুমিদ্দিন)।
সুতরাং, প্রতিটি পাপকে গুরুত্বের সাথে দেখা এবং পাপ হয়ে গেলে সাথে সাথে তওবা করা প্রতিটি মুমিনের কর্তব্য। ছোট পাপকে অবহেলা করা ধীরে ধীরে বড় পাপের দিকে ধাবিত করে এবং অন্তরের সংবেদনশীলতাকে নষ্ট করে দেয়।




