কোন বয়সে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া শুরু করা উচিত — এই প্রশ্নটি প্রায় প্রতিটি মুসলিম পরিবারেই ওঠে। বিশেষজ্ঞদের মতে, এ ক্ষেত্রে সব শিশুর জন্য একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা সম্ভব নয়। ডিজিটাল স্ক্রিনে অভ্যস্ত হয়ে ওঠা শিশুদের কথা চিন্তা করে ইসলামি শিক্ষাবিদ ও শিশু বিশেষজ্ঞরা মনে করছেন, আনুষ্ঠানিক শিক্ষার জন্য ৪ থেকে ৬ বছর বয়স সবচেয়ে অনুকূল। এই সময়ে শিশু কিছুক্ষণ স্থির হয়ে বসতে পারে, বস্তুর আকার চিনতে পারে এবং শিক্ষকের উচ্চারণ অনুকরণ করার ক্ষমতা রাখে। তবে এর আগেও শিশুর সঙ্গে কোরআনের মানসিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব; আর কেউ দেরিতে শুরু করলেও সাফল্য থেকে বঞ্চিত হওয়ার কারণ নেই। মূল কথা হলো, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সঙ্গে সঙ্গতি রেখেই কোরআনের পথে তাকে এগিয়ে নেওয়া উচিত।
জন্ম থেকে ৩ বছর বয়সকে মূলত অনুভবের সময় হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। মায়ের গর্ভে থাকা অবস্থাতেই কোরআনের তেলাওয়াত শিশুর মনে ইতিবাচক প্রভাব ফেলে। কথা বলতে শেখার আগেই শিশু তার চারপাশের ভাষা, সুর ও ধ্বনি আত্মস্থ করে নেয়। ঘরে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত চালিয়ে দেওয়া, ঘুমের সময় ছোট ছোট সুরা শোনানো—এসবের মাধ্যমে শিশু কোরআনের ধ্বনির সঙ্গে গভীরভাবে পরিচিত হয়ে ওঠে। ইসলামি বিশ্বাস অনুযায়ী প্রতিটি শিশু ফিতরাত তথা স্বাভাবিক ইসলামি ধর্মে জন্মগ্রহণ করে। তাই এই বয়সে আনুষ্ঠানিক পড়ানোর চেয়ে শিশুর হৃদয়ে কোরআনের বাণীকে আনন্দদায়ক সুর হিসেবে প্রতিষ্ঠা করাই লক্ষ্য হওয়া উচিত।
৪ থেকে ৬ বছর বয়সে এসে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করা যেতে পারে। ভাষাবিদদের মতে, সাত বছরের আগে নতুন ভাষার ধ্বনি, উচ্চারণ ও বর্ণমালা শেখার জন্য এটি মানবজীবনের সেরা সময়। এই বয়সের শিশুরা স্বাভাবিকভাবে অনুকরণপ্রিয় এবং তাদের স্মৃতিশক্তি অত্যন্ত দ্রুত কাজ করে। ফলে তারা অল্প সময়েই ছোট ছোট সুরা মুখস্থ করে ফেলতে পারে। এই সময়ে আরবি বর্ণমালা চেনা, নুরানি কায়দা বা কায়দা অনুযায়ী উচ্চারণ শেখা এবং সুরা ফাতেহা, ইখলাস বা নাসের মতো সুরা মুখস্থ করানো যেতে পারে। তবে প্রতিদিনের পাঠ ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখা জরুরি। শেখার পরিবেশ যেন আনন্দময় থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে শিশুর মনে কোরআন সম্পর্কে একটি উষ্ণ ও ইতিবাচক ধারণা গড়ে ওঠে।
৭ থেকে ১০ বছর বয়সে শিশুদের মনোযোগের স্থায়িত্ব বেড়ে যায় এবং তারা পাঠদক্ষতায় উন্নতি করে। এই সময়ে তারা শুধু বর্ণ চেনার বাইরে গিয়ে সাবলীলভাবে কোরআন পড়তে শেখে এবং তাজবিদের নিয়ম, মাখরাজ ইত্যাদি বুঝতে পারে। এই বয়সকে হাদিসের আলোকেও উপযুক্ত বলা হয়েছে। মহানবী (সা.) সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫)। তাই এই সময়ে নামাজের অভ্যাস গঠনের পাশাপাশি বড় সুরা মুখস্থ করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়।
কেউ যদি ১০ বছর পরেও কোরআন শিক্ষা শুরু করে, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। বড় শিশুদের যুক্তিবিশ্লেষণ ও ধৈর্য বেশি থাকে বলে তাজবিদের জটিল নিয়মগুলো তারা ছোটদের চেয়ে দ্রুত বুঝতে পারে। হাদিসে এসেছে, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শেখায়" (সহিহ বুখারি, হাদিস: ৫০২৭)। এই উত্তম হওয়ার জন্য কোনো নির্দিষ্ট বয়স শর্ত নয়; জীবনের যেকোনো সময়ই কোরআন শিক্ষার পথ উন্মুক্ত।
শিশুর মানসিক প্রস্তুতিও বয়সের মতোই গুরুত্বপূর্ণ। কোরআন শিক্ষা শুরুর আগে খেয়াল করা উচিত—শিশুটি কি ৫ থেকে ১০ মিনিট এক জায়গায় স্থির থাকতে পারছে? নতুন শব্দ বা সুরে কি তার কৌতূহল জাগে? সে কি অনুকরণ করতে পছন্দ করে এবং একসঙ্গে দুটি সহজ নির্দেশ মেনে চলতে পারে? এই লক্ষণগুলো থাকলে বোঝা যাবে, সে কোরআন শিক্ষার জন্য প্রস্তুত।




