যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশি শিক্ষকরা ২০২৭-২৮ শিক্ষাবর্ষে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শেখানোর সুযোগ পাবেন। ঢাকার মার্কিন দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃত্তিটির জন্য মূলত সেইসব বাংলাদেশি তরুণ-তরুণী আবেদন করতে পারবেন যারা বর্তমানে শিক্ষকতার পেশায় নিয়োজিত। বিশেষত আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য এবং বাংলা ভাষার প্রশিক্ষকরা এই সুযোগ পাবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে।
প্রোগ্রামটির আওতায় নির্বাচিত ফেলোরা সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করবেন। প্রতি সেমিস্টারে তাদের কমপক্ষে দুটি কোর্স সম্পন্ন করতে হবে, যার মধ্যে একটি আমেরিকান স্টাডিজের ওপর হবে। এই বিনিময় কর্মসূচির মাধ্যমে ফেলো ও তাদের শিক্ষার্থীরা একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার এক বিরল সুযোগ পাবেন। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আবেদনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে পারদর্শিতার প্রমাণ হিসেবে টোয়েফলে ন্যূনতম ৮০ অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে। আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে।
এই নয় মাস মেয়াদি নন-ডিগ্রি প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি পেশাগত দক্ষতা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন তারা।
আবেদনের জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। আবেদনের সময় একাডেমিক নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর), তিনজন সুপারিশকারীর পৃথকভাবে অনলাইনে জমা দেওয়া তিনটি সুপারিশপত্র, একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম এবং টোয়েফল বা আইইএলটিএসের স্কোরের সনদ জমা দিতে হবে।



