ক্যাডেট কলেজে ভর্তির জন্য প্রস্তুতি এক বা দুই সপ্তাহের তাড়াহুড়ায় সম্ভব নয়। এ জন্য অন্তত ছয় মাস থেকে এক বছরের একটি নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত পদ্ধতি অনুসরণ করা জরুরি। এই দীর্ঘ সময়কে তিনটি ধাপে ভাগ করে একটি কার্যকর রুটিন তৈরি করা যেতে পারে।

প্রথম ধাপ (প্রথম ৩ মাস)—ভিত্তি মজবুত করা: এ সময়ের মূল লক্ষ্য হলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত ষষ্ঠ শ্রেণির মূল বইগুলোর (বিশেষ করে গণিত, বাংলা ও ইংরেজি) প্রতিটি অধ্যায় খুঁটিনাটি সহ সম্পূর্ণভাবে শেষ করা। কোনো অধ্যায় বাদ না দিয়ে সব নিয়ম ও সূত্র ভালোভাবে বুঝে আয়ত্ত করতে হবে।

দ্বিতীয় ধাপ (পরবর্তী ৩ মাস)—উন্নত প্রস্তুতি ও বিশ্লেষণ: মূল বই শেষ করার পর ক্যাডেট গাইড ও সহায়ক বইয়ের সাহায্য নিতে হবে। এই সময়ে বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা, ইংরেজিতে ফ্রি-হ্যান্ড রাইটিং অনুশীলন, কঠিন ব্যাকরণ ও সাধারণ জ্ঞানের পরিধি বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে।

তৃতীয় ধাপ (শেষ ২ মাস)—মডেল টেস্ট ও পুনরালোচনা: প্রস্তুতির শেষ পর্যায়ে নতুন কিছু পড়ার চেয়ে পুনরালোচনাকে বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিদিন ঘড়ি ধরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়া প্রয়োজন। পরীক্ষা শেষে নিজের ভুলগুলো চিহ্নিত করে শিক্ষকের সাহায্যে বা নিজে নিজে সংশোধন করতে হবে।

বিশেষ পরামর্শ: ক্যাডেট ভর্তি পরীক্ষায় সফল হতে প্রতিদিন অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টা মনোযোগ দিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। দৈনিক রুটিনে গণিত সমাধান ও ইংরেজি চর্চার জন্য নির্দিষ্ট ও বড় সময় বরাদ্দ রাখা উচিত।

বিগত ১০-১৫ বছরের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা বাধ্যতামূলক। এটি প্রশ্নের ধরন ও প্যাটার্ন বোঝা, কোন অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন আসে তা চিহ্নিত করা, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা শেষ করার বাস্তব ধারণা দেবে।

পরীক্ষার হলে সঠিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হস্তাক্ষর পরিচ্ছন্ন ও পঠনযোগ্য হতে হবে; কাটাকাটি যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। ৩০০ নম্বরের জন্য সাধারণত ৩ ঘণ্টা সময় দেওয়া হয়, অর্থাৎ প্রতি ১ নম্বরের জন্য ৩৬ সেকেন্ড। বড় প্রশ্নের পেছনে বেশি সময় না দিয়ে সহজ ও ছোট প্রশ্ন আগে উত্তর দিতে হবে। প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে শেষে ‘নয়’ বা ‘কোনটি অসত্য’ লেখা থাকলে সতর্ক থাকতে হবে। নেগেটিভ মার্কিং থাকলে নিশ্চিত না হয়ে আন্দাজে উত্তর দেওয়া যাবে না। কঠিন প্রশ্ন দেখে ঘাবড়ে না গিয়ে শান্ত মাথায় চিন্তা করতে হবে; মনে রাখতে হবে কঠিন প্রশ্ন সবার জন্যই কঠিন।

ক্যাডেট কলেজে ভর্তির জন্য শুধু মেধা নয়, মানসিক দৃঢ়তা ও শারীরিক সুস্থতাও প্রয়োজন। পরীক্ষার আগে রাত জেগে পড়াশোনা করে শরীর খারাপ করা যাবে না। পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে। অভিভাবকদের উচিত সন্তানকে অতিরিক্ত চাপ না দেওয়া; ‘তোমাকে চান্স পেতেই হবে’—এমন চাপ শিশুর আত্মবিশ্বাস নষ্ট করতে পারে। তাকে উৎসাহিত করে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে হবে।

সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস থাকলে এই লিখিত পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন সম্ভব। প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতিই বড় সাফল্যে রূপান্তরিত হয়।