জলপথে ভ্রমণের অভিজ্ঞতা নিতে আগ্রহীদের জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে ঢাকায়। আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনের ‘শৈলপ্রপাত হল’-এ দ্বিতীয় ‘হাউসবোট মেলা ২০২৬’ এর আয়োজন শেষ হচ্ছে আজ, ১১ জুলাই। গত ৯ জুলাই শুরু হওয়া তিন দিনের এই মেলায় অংশ নিয়েছে ২৯টি স্টলে শতাধিক হাউসবোট। টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেক, পদ্মা, শীতলক্ষ্যা নদী ও সুন্দরবন—এসব গন্তব্যে ভ্রমণের প্যাকেজ নিয়ে হাজির হয়েছেন হাউসবোট মালিকরা।
ভ্রমণপ্রেমীদের জন্য সবচেয়ে বড় প্রলোভন হলো বিশেষ মূল্যছাড়। মেলা চলাকালীন বুকিং করলে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পাশাপাশি প্যাকেজের মূল্যও বেশ সাশ্রয়ী—প্রতি ব্যক্তির জন্য ৪ হাজার টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত, যা গন্তব্য ও প্যাকেজের ভিন্নতা অনুযায়ী নির্ধারিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি হাউসবোটের মালিকদের সঙ্গে কথা বলে বুকিং দেওয়া যায়। ফলে পর্যটকরা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সহজেই উপযুক্ত প্যাকেজ বেছে নিতে পারছেন। এ ছাড়া স্পট বুকিং করলে আকর্ষণীয় উপহার ও লাকি ড্রয়ের সুযোগও রয়েছে।
মেলায় অভিজ্ঞ ট্যুর অপারেটরদের কাছ থেকে হাওর, লেক ও নদীভিত্তিক ভ্রমণের বিভিন্ন দিক, নিরাপত্তা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কেও পরামর্শ নেওয়া যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (ব্যাণিজিক) গণি উল আজম এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান।
হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আরাফাত হোসেন জানান, দেশের জলপর্যটন খাত দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। পর্যটকদের আধুনিক ও নিরাপদ সেবা নিশ্চিত করতে এবং দেশীয় পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই আয়োজন। প্রথম মেলার মতো এবারও ভ্রমণপ্রেমীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা করছেন তিনি।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এবং প্রবেশ সম্পূর্ণ বিনা মূল্যে। আয়োজকদের মতে, দেশীয় পর্যটনশিল্পের টেকসই বিকাশ, পরিবেশবান্ধব পর্যটনের প্রসার এবং হাউসবোটে রাত্রিযাপনের অনন্য অভিজ্ঞতা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




