বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের শেষ দিকে এসে প্রতিটি শিক্ষার্থীর সামনে বড় এক দ্বিধা দেখা দেয়—কোন বিষয়ে মেজর করবেন। ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নাকি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম—প্রতিটি ক্ষেত্রের নিজস্ব গুরুত্ব ও কর্মপরিধি রয়েছে। শুধু একাডেমিক সিদ্ধান্ত নয়, এটি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পেশাগত জীবনের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে বাস্তবে অনেক শিক্ষার্থী নিজের আগ্রহ বা দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে বন্ধুদের পছন্দ, পরিবারের মতামত বা নির্দিষ্ট কোনো পেশার বেতনকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ফলে ডিগ্রি শেষে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন কাজ তাঁর ব্যক্তিত্ব ও দক্ষতার সঙ্গে মানানসই।

বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু বিবিএ ডিগ্রি অর্জনই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একজন শিক্ষার্থী কীভাবে চিন্তা করেন, কোন ধরনের কাজে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ভবিষ্যতে নিজেকে কোন পেশায় দেখতে চান—সেটি জানা জরুরি। একটি মেজর নির্দিষ্ট জ্ঞান ও দক্ষতার ভিত্তি তৈরি করে দেয়, কিন্তু সেই জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগের পদ্ধতিই শেষ পর্যন্ত সাফল্য নির্ধারণ করে। তাই সবার জন্য একই মেজর সেরা নয়; যে বিষয় শিক্ষার্থীর সক্ষমতা ও লক্ষ্যের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ, সেটিই তাঁর জন্য সঠিক।

সংখ্যা, হিসাব ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পছন্দ করেন এমন শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স একটি সম্ভাবনাময় ক্ষেত্র। করপোরেট ফিন্যান্স, ব্যাংকিং, বিনিয়োগ, রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। তবে শুধু সংখ্যায় ভালো হলেই হবে না; বিশ্লেষণী চিন্তা, এক্সেল, ফিন্যান্সিয়াল মডেলিং এবং ডেটা অ্যানালাইসিসের মতো দক্ষতাও প্রয়োজন। অন্যদিকে অ্যাকাউন্টিংয়ে আগ্রহীরা আর্থিক কার্যক্রম নথিভুক্তকরণ, অডিট ও কমপ্লায়েন্সের মতো কাজে নিজেকে যুক্ত করতে পারেন। নিয়ম-কানুন মেনে চলা ও কাঠামোগত কাজে স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন শিক্ষার্থীদের জন্য এটি উপযুক্ত। প্রযুক্তির পরিবর্তনের কারণে অ্যাকাউন্টিং পেশায়ও অটোমেশন ও এআইভিত্তিক টুলসের ব্যবহার বাড়ছে।

মার্কেটিং ক্ষেত্রটিতে সৃজনশীলতা ও বিশ্লেষণের সমন্বয় প্রয়োজন। ক্রেতার আচরণ, বাজার গবেষণা ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এখানে গুরুত্বপূর্ণ। ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড কমিউনিকেশন ও কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট—বর্তমানে এই খাতে ক্যারিয়ারের নানা ট্র্যাক রয়েছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, ইনভেনটরি ও ডিস্ট্রিবিউশন—পুরো প্রক্রিয়া পরিচালনার দক্ষতা অর্জন করা যায়। উৎপাদনশিল্প, ই-কমার্স, ওষুধসহ বিভিন্ন খাতে এই বিষয়ের চাহিদা ক্রমেই বাড়ছে। যাঁরা জটিল সমস্যা সমাধান ও নেগোসিয়েশনে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাঁদের জন্য এটি একটি শক্তিশালী ক্যারিয়ারপথ।

মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসেন এবং নেতৃত্বের গুণাবলি আছে—তাঁদের জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট উপযুক্ত। সঠিক মেধা নির্বাচন, কর্মী সমন্বয় ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গঠনে এইচআর পেশাদারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্যদিকে এমআইএস ব্যবসা ও প্রযুক্তির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এই বিষয়টি। বিজনেস অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো ক্ষেত্রে এমআইএস গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ রয়েছে।

মেজর নির্বাচনের সময় কয়েকটি প্রশ্ন নিজেকে করা উচিত—সংখ্যা নিয়ে কাজ করতে পছন্দ করি কি না, মানুষের মনস্তত্ত্ব বুঝতে আগ্রহী কি না, বাস্তব সমস্যা সমাধানে স্বাচ্ছন্দ্যবোধ করি কি না, নাকি প্রযুক্তি ও ব্যবসার সমন্বয়ে কাজ করতে চাই। এই প্রশ্নগুলোর উত্তরই সঠিক মেজর বেছে নিতে সহায়তা করবে। শুধু মেজরের নাম নয়, পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নও জরুরি। ফিন্যান্সে এক্সেল ও ফিন্যান্সিয়াল মডেলিং, মার্কেটিংয়ে ডিজিটাল মার্কেটিং ও ডেটা বিশ্লেষণ, সাপ্লাই চেইনে ইআরপি ও নেগোসিয়েশন দক্ষতা—প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট দক্ষতা অর্জন করা প্রয়োজন।

ভালো সিজিপিএ গুরুত্বপূর্ণ, তবে সফল ক্যারিয়ারের জন্য এটিই একমাত্র মাপকাঠি নয়। যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, দলগত কাজ ও নেতৃত্ব—সব মিলিয়েই একজন গ্র্যাজুয়েটের প্রস্তুতি সম্পূর্ণ হয়। ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক পরিবেশের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ পান। পেশাদার নেটওয়ার্কিং ও শিল্প-সংশ্লিষ্ট ইভেন্টেও অংশ নেওয়া উচিত। নিজের আগ্রহ ও সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ মেজর বেছে নিলে ডিগ্রি শেষে কর্মজীবনে সন্তুষ্টি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

মেজর নির্বাচন জীবনের শেষ সিদ্ধান্ত নয়, এটি ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ শুরু। আজকের বিবিএ শিক্ষার্থীরাই আগামী দিনের ব্যবসায়িক নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী। তাই নিজেকে জানুন, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করুন, বিভিন্ন পেশা সম্পর্কে ধারণা নিন এবং অভিজ্ঞতা অর্জন করুন। শুধু চাকরি পাওয়ার জন্য নয়, একটি দীর্ঘমেয়াদি পেশাগত পরিচয় গড়ে তোলার জন্য প্রস্তুতি নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত। সেরা মেজর বলে কিছু নেই; নিজের জন্য সঠিক মেজরটিই সেরা। সফল ক্যারিয়ারের ভিত্তি শুধু ডিগ্রি নয়, বরং নিজের সক্ষমতা, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার একটি সঠিক সমন্বয়।