যুক্তরাষ্ট্রে প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন আমেরিকা — সংক্ষেপে ডুকা'র উদ্যোগে গত শনিবার, ৮ আগস্ট ২০২৬ তারিখে ডেলাওয়ার অঙ্গরাজ্যের বেলেভু স্টেট পার্কে অনুষ্ঠিত হলো বার্ষিক পিকনিক ও মিলনমেলা। বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এ বছরও আয়োজনটি ছিল প্রাণবন্ত।
৬টি অঙ্গরাজ্য থেকে প্রায় ২০টি পরিবারের সদস্যরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। আয়োজনের মূল দায়িত্বে ছিলেন সংগঠনের অভিজ্ঞ সদস্য আমজাদ হোসেন ও তাঁর সহধর্মিণী পারভিন শিউলি। ডেলাওয়ারের বাসিন্দা হওয়ায় স্থানীয়ভাবে পিকনিক স্পট নির্বাচন, কেনাকাটা, বাংলাদেশ থেকে উপহারসামগ্রী আনা এবং সমন্বয়ের মতো সব কাজে তাঁদের অবদান ছিল সবচেয়ে বেশি। আয়োজক কমিটির অন্য সদস্যরা তাঁদের ওপর নির্ভর করে অনেকটা নিশ্চিন্ত ছিলেন।
সকাল ১০টার মধ্যে পিকনিক স্পট প্রস্তুত করা হয় এবং এর পরপরই একে একে আসতে থাকেন আমন্ত্রিত অতিথিরা। সবাইকে উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার পর পরিবেশন করা হয় সকালের নাশতা, যেখানে ছিল শিঙাড়া, পিৎজা, কুকি ও কাপকেক। এরপর শুরু হয় পরিচিতিপর্ব ও স্মৃতিচারণ, যা ছিল অত্যন্ত আনন্দদায়ক।
অনুষ্ঠানে নর্থ ক্যারোলাইনা থেকে প্রায় তিন ঘণ্টা গাড়ি চালিয়ে বেলা ১১টায় পৌঁছান সংগঠনের সবচেয়ে সিনিয়র সদস্য ড. ফাহিম। ৮২ বছর বয়সী এই মানুষটি শারীরিক ও মানসিকভাবে এখনো দারুণ সচল। মেরিল্যান্ড থেকে দীর্ঘ পথ পেরিয়ে পরিবারসহ যোগ দেন ড. লাসকর। একই অঙ্গরাজ্যের জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. হাসান ও ড. সুব্রতও ছিলেন উপস্থিত। নিউ জার্সি থেকে এসেছিলেন ড. সোহেল, ড. নিলা ও প্রফেসর আলতাফ। ভার্জিনিয়া থেকে সপরিবার পিকনিকে অংশ নেন জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইফুল। ডেলাওয়ার থেকে পরিবারসহ ছিলেন ড. আনন্দ। এছাড়া পেনসিলভানিয়া অঙ্গরাজ্য থেকে পেনস্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসাদসহ ড. দেলোয়ার, ড. সুরভি, ড. মুনির, ড. সাদেক, ইভা, ড. নাজমুল, ড. জাহাঙ্গীর, ড. নাদিম ও জয় উপস্থিত ছিলেন।
দুপুরে দেশি বিভিন্ন মজাদার খাবারের মূল পর্ব শেষে শুরু হয় মেয়েদের ও ছেলেদের ফান খেলা। পরে পুরস্কার বিতরণ এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ডুকা পিকনিক ও মিলনমেলা ২০২৬-এর।




