চাকরিপ্রার্থীদের জন্য এখন কৌশল বদলানোর সময় এসেছে। প্রতিদিন অসংখ্য বিজ্ঞপ্তি দেখে যতগুলো সম্ভব আবেদন করা নয়, বরং নিজের জন্য সবচেয়ে উপযুক্ত কয়েকটি পদ বেছে নিয়ে সেখানে সুনির্দিষ্ট প্রস্তুতি নিয়ে আবেদন করাই এখন কার্যকর পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক সপ্তাহে ১০টি কিংবা এক মাসে ৫০ থেকে ১০০টি আবেদন করার পরও কাঙ্ক্ষিত ফোন না এলে প্রার্থীদের এই বিকল্প পদ্ধতিটি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

মার্কিন চাকরির ওয়েবসাইট ইনডিডের এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা একই ধরনের জীবনবৃত্তান্ত দিয়ে সর্বত্র আবেদন করেন, তাদের সাফল্যের হার মানসম্মত আবেদনকারীদের তুলনায় ৩৯ শতাংশ পর্যন্ত কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ বলছে, ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে প্রায় ৪০ শতাংশ দক্ষতার পরিবর্তন আসবে এবং জরিপে অংশ নেওয়া ৬৩ শতাংশ নিয়োগদাতা সঠিক দক্ষতাসম্পন্ন কর্মী না পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। বাংলাদেশেও এখন শুধু ডিগ্রির চেয়ে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দক্ষতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সফল আবেদনের প্রথম ধাপ হলো নিজের পছন্দ ও যোগ্যতার সঙ্গে মেলে এমন পদ বেছে নেওয়া। ধরুন, এক মাসে ৫০টি বিজ্ঞপ্তি দেখা হলো; সেখান থেকে শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সেরা ১০টি পদ বেছে নিলে প্রতিটি আবেদনের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি কী ধরনের কর্মী চাইছে, কোন কাজগুলো গুরুত্বপূর্ণ—তা ভালোভাবে বিশ্লেষণ করে আবেদন সাজানো দরকার। ইনডিডের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট পদের কাজের সঙ্গে মিল রেখে জীবনবৃত্তান্ত তৈরি করাই ইন্টারভিউ কল পাওয়ার মূল চাবিকাঠি।

একটি জীবনবৃত্তান্ত দিয়ে সব জায়গায় আবেদন করার অভ্যাসটি এখন আর ফলপ্রসূ নয়। বিক্রয় প্রতিনিধি পদের জন্য যোগাযোগের দক্ষতা ও গ্রাহকসেবার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হলেও তথ্য বিশ্লেষণ পদের জন্য তা প্রয়োজনীয় নয়। তাই প্রতিটি পদের প্রয়োজনীয়তার ভিত্তিতে প্রাসঙ্গিক দক্ষতা আলাদাভাবে তুলে ধরতে হবে। শুধু ন্যূনতম প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকলেই আবেদন করা ঠিক নয়; বরং নিজের সুনির্দিষ্ট দক্ষতা ওই পদের কাজের সঙ্গে কতটা মেলে, তা যাচাই করা জরুরি। ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, নিয়োগদাতাদের কাছে বিশ্লেষণী ও সৃজনশীল চিন্তা, স্থিতিস্থাপকতা, নমনীয়তা এবং শেখার আগ্রহ—এগুলো এখন সবচেয়ে চাহিদাসম্পন্ন দক্ষতা। প্রতি ৭টি প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ৫টিই এই মানসিকতা মূল্যায়ন করছে।

সেরা ১০টি আবেদনকে সফল করতে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করা যেতে পারে। পদের মূল দায়িত্ব ও প্রতিষ্ঠানের কাজের ধরন ভালোভাবে বোঝা, লক্ষ্যভিত্তিক জীবনবৃত্তান্তে বিজ্ঞপ্তির প্রধান শর্তগুলোর সঙ্গে মেলে এমন দক্ষতা স্পষ্টভাবে উপস্থাপন করা, সাধারণ দাবির বদলে আগের সাফল্যের নির্দিষ্ট উদাহরণ দেওয়া, কভার লেটারে কেন এই প্রতিষ্ঠান ও পদটি পছন্দ তা ব্যক্তিগত মতামতসহ লেখা—এগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম ও নিজের নাম স্পষ্টভাবে লিখলে নিয়োগদাতার নজর কাড়া যায়। নিজের লিংকডইন বা পেশাদার অনলাইন প্রোফাইল নিয়মিত হালনাগাদ রাখাও জরুরি, কারণ অনেক নিয়োগদাতা আবেদনের পর সেটি যাচাই করেন। আবেদনের এক বা দুই সপ্তাহ পর নম্রভাবে ফলোআপ করলে পদের প্রতি আগ্রহ প্রকাশ পায়।

চাকরি পাওয়ার কোনো জাদুকরি সূত্র নেই। তবে তীব্র প্রতিযোগিতার এই সময়ে শত শত ভুল জায়গায় দরখাস্ত পাঠানোর চেয়ে সঠিক সুযোগটি বেছে নিয়ে নিজের দক্ষতা ফুটিয়ে তুললেই সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।